আরও তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন রাহুল

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী বিক্ষোভ ক্রমেই তীব্র আকার ধারণ করছে। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
বিজ্ঞাপন
মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি থেকে আটক হওয়ার পর বুধবার মুক্তি পান রাহুল গান্ধী। মুক্তির পর এক সংবাদ সম্মেলনে তিনি শিক্ষামন্ত্রীর কঠোর সমালোচনা করে বলেন, “শিক্ষার্থীরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছে। শিক্ষামন্ত্রী হিসেবে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তাকে অবিলম্বে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত। তিনি এই ব্যবস্থাকে পরিচালনা করার যোগ্য নন।”
মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষোভে ফেটে পড়া শিক্ষার্থীরা ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারীদের অন্যতম দাবিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী দাবি করেন, গত এক যুগে ভারতে ১৫২ বার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, কিন্তু এ জন্য কাউকে জবাবদিহির মুখোমুখি করা হয়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তার ভাষায়, “গত ১২ বছরে ১৫২ বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। হিসাব করলে দেখা যায়, প্রায় প্রতি মাসেই এমন ঘটনা ঘটেছে। এতে প্রায় সাড়ে সাত কোটি শিক্ষার্থী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের অধিকাংশই মধ্যবিত্ত। সন্তানদের ভবিষ্যতের জন্য তারা জীবনের সঞ্চয় ব্যয় করেছেন, অথচ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার তারাই।”
তিনি আরও বলেন, “সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, গত ১০ বছরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কাউকে দায়ী করা হয়নি। জবাবদিহির সংখ্যা শূন্য।”
বিজ্ঞাপন
ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস নেতা বলেন, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার দাবি করছে। তার অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের কারণে বহু শিক্ষার্থী চরম মানসিক যন্ত্রণা ভোগ করেছে, এমনকি কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিয়েছে।
রাহুলের ভাষায়, “শিক্ষার্থীরা ন্যায়সঙ্গত শিক্ষা ব্যবস্থার অধিকার চায়। অনেকেই অসহনীয় মানসিক কষ্টের মধ্য দিয়ে গেছে। শেষ মুহূর্তে জানতে হয়েছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এটি দেশের জন্য অত্যন্ত গুরুতর একটি সংকট। এখন সবার কাছেই স্পষ্ট যে আমাদের শিক্ষা ব্যবস্থা একটি সাজানো ব্যবস্থায় পরিণত হয়েছে, অথচ একসময় এটি বিশ্বের সেরাদের মধ্যে ছিল।”
সূত্র: এনডিটিভি








