এক পুলিশ সদস্য কানে কানে বলেছিলেন, ‘মোদি সরকারের পতন ঘটাও’

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনে অংশ নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রা করেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। ওই কর্মসূচি চলাকালে তাকে পুলিশ আটক করে।
বিজ্ঞাপন
আটকের পর রাহুলকে একটি বাসে রাখা হয়। বুধবার (২২ জুলাই) সংবাদ সম্মেলনে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি দাবি করেন, আটক অবস্থায় পুলিশের এক সদস্য কানে কানে তাকে বলেছিলেন, “এই (মোদি) সরকারের পতন ঘটিয়ে দাও।”
এ সময় রাহুল গান্ধী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, শিক্ষার্থীরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছেন, কারণ শিক্ষামন্ত্রী হিসেবে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তার ভাষায়, বর্তমান শিক্ষা ব্যবস্থা পরিচালনায় তিনি অযোগ্য এবং তাকে অবিলম্বে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে শিক্ষার্থীরা ‘ককরোচ জনতা পার্টি’ ব্যানারে আন্দোলন শুরু করেন। আন্দোলনের অন্যতম দাবিও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
সংবাদ সম্মেলনে রাহুল আরও দাবি করেন, গত এক যুগে ভারতে ১৫২ বার বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তার ভাষ্য, গড়ে প্রতি মাসেই একটি করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, যার ফলে প্রায় সাড়ে সাত কোটি শিক্ষার্থী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অধিকাংশই মধ্যবিত্ত পরিবারের, যারা সন্তানদের ভবিষ্যতের জন্য সঞ্চিত অর্থ ব্যয় করেছেন।
তিনি আরও বলেন, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, গত ১০ বছরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কাউকেই কার্যকরভাবে জবাবদিহি বা বিচারের আওতায় আনা হয়নি।
বিজ্ঞাপন
সূত্র: ইন্ডিয়া টুডে








