Logo

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, কঠোর অবস্থানে সিজেপি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই, ২০২৬, ১২:২০
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, কঠোর অবস্থানে সিজেপি
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ বা তার পদত্যাগ নিশ্চিত না হলে সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো অর্থ নেই বলে কঠোর অবস্থান নিয়েছে সিজেপি। সংগঠনটির দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

বিজ্ঞাপন

শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, সরকার যদি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করে, তাহলে আলোচনার কোনো যৌক্তিকতা থাকে না।

আশুতোষ বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে কোনো আপস চলবে না। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে নেতিবাচক জবাব এলে আলোচনার আর কোনো অর্থ থাকে না।

বিজ্ঞাপন

এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং শুক্রবার বিকেলে কনস্টিটিউশন ক্লাবে সিজেপির প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেন। শনিবার বিকেলে তৃতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিজেপি জানিয়েছে, তারা এখনও তাদের দাবিতে অনড়।

প্ল্যাটফর্মটি তিনটি দাবি জানিয়েছে। এগুলো হলো- ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া।

এনডিটিভি জানিয়েছে, শুক্রবার অনুষ্ঠিত আলোচনায় কেন্দ্র বিক্ষোভকারীদের দুটি প্রধান দাবিতে নীতিগতভাবে একমত হয়েছে। এগুলো হলো—বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং ক্ষতিপূরণ প্রদান। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি এখনও অমীমাংসিত রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

শুক্রবার নাড্ডা বলেন, প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে তিনটি প্রধান দাবি এবং পরীক্ষা-সংক্রান্ত পাঁচটি সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। আমরা তাদের জানিয়েছি, আগামীকাল বিকেলে (শনিবার) আমরা তাদের সঙ্গে আবার দেখা করব এবং সরকারের অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে তাদের অবহিত করব।

এদিকে, প্রশ্নপত্র ফাঁস মোকাবিলায় গত দুই দিনে কেন্দ্র একাধিক পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নপত্র ফাঁসের মামলার বিচারের জন্য দ্রুত বিচার আদালত স্থাপনের ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

পাশাপাশি সরকার প্রশ্নপত্র ফাঁসবিরোধী আইনে আরও কঠোর শাস্তি ও জরিমানার বিধান যুক্ত করতে সংশোধনী আনার পরিকল্পনা করছে।

এ ছাড়া কেন্দ্র শিক্ষা সচিবকে অপসারণ করেছে এবং পরীক্ষা পরিচালনাকারী সংস্থা এনটিএর ৪৭ জন কর্মকর্তাকে বরখাস্ত করেছে। পাশাপাশি শিগগিরই একটি পূর্ণাঙ্গ সংস্কার কার্যক্রমের প্রতিশ্রুতিও দিয়েছে।

তবে এনটিএর ৪৭ কর্মকর্তাকে বরখাস্ত করার সিদ্ধান্তকে যথেষ্ট মনে করছে না সিজেপি। সংগঠনটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, শুধু কয়েকজন কর্মকর্তাকে অপসারণ করলেই সমস্যার সমাধান হবে না। পুরো ঘটনার খুঁটিনাটি তদন্ত করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস এবং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় চূড়ান্ত দায় শিক্ষামন্ত্রীর ওপরই বর্তায়। তাই তার পদত্যাগ ছাড়া এই সংকটের গ্রহণযোগ্য সমাধান সম্ভব নয়।

সূত্র: এনডিটিভি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD