Logo

হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য পূরণে ব্যর্থ যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই, ২০২৬, ১৩:২৫
হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য পূরণে ব্যর্থ যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন এবং ইরানকে দুর্বল করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আব্দুলফজল শেখারচি। রবিবার (২৬ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য বিশৃঙ্খল ও প্রত্যাশার বাইরে চলে গেছে।

বিজ্ঞাপন

শেখারচির ভাষ্য, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধের নতুন কৌশল খুঁজছে। তিনি আরও দাবি করেন, ওয়াশিংটন যদি সংঘাত থেকে সরে আসতে চায়, তাহলেও তা তাদের একক সিদ্ধান্তে সম্ভব হবে না; এ জন্য ‘ইহুদিবাদীদের’ অনুমতির প্রয়োজন হবে। ইরানের সরকারি বক্তব্যে ‘ইহুদিবাদী’ বলতে সাধারণত ইসরায়েলকে বোঝানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর দুই পক্ষের মধ্যে টানা ৪০ দিন সংঘাত চলে। পরে জুলাইয়ের শুরুতে যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারকে সই করলেও সেটি কার্যকর হয়নি। এরপর যুক্তরাষ্ট্র টানা দুই সপ্তাহ ইরানে হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়।

বিজ্ঞাপন

তবে গত দুই দিন ধরে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হামলা চালায়নি। মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার আশঙ্কায় আপাতত বড় ধরনের হামলা থেকে বিরত রয়েছে ওয়াশিংটন।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD