Logo

যুদ্ধ শুরুর পর থেকে দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ আগস্ট, ২০২৬, ১৯:২৬
যুদ্ধ শুরুর পর থেকে দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা
ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে নিরাপত্তাহীনতা ও আঞ্চলিক সংঘাতের কারণে ইসরায়েল থেকে নাগরিকদের দেশ ছাড়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানকে ঘিরে একের পর এক সামরিক উত্তেজনা তৈরি হওয়ায় হাজার হাজার ইসরায়েলি দীর্ঘমেয়াদে দেশের বাইরে চলে যাচ্ছেন।

বিজ্ঞাপন

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ইসরায়েলের একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত ওই গবেষণা অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে দেশ ছাড়ার হার দ্রুত বেড়েছে।

গবেষণার তথ্য বলছে, গত তিন বছরে প্রায় ২ লাখ ৬৮ হাজার ইসরায়েলি স্থায়ীভাবে কিংবা দীর্ঘ সময়ের জন্য দেশ ছেড়েছেন। তাদের মধ্যে ২০২৩ সালে ৮৬ হাজার ৫০৯ জন, ২০২৪ সালে ৯১ হাজার ৪৯৯ জন এবং ২০২৫ সালে ৯০ হাজার ৯২২ জন নাগরিক দেশ ছাড়েন। এসব ব্যক্তির কেউই টানা অন্তত তিন মাস বা তার বেশি সময়ের মধ্যে ইসরায়েলে ফেরেননি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গবেষণায় আরও বলা হয়েছে, যুদ্ধের আগে ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে প্রায় ৬০ হাজার মানুষ ইসরায়েল ছেড়ে যেতেন। তবে যুদ্ধ শুরুর পর সেই সংখ্যা বেড়ে বছরে গড়ে ৯০ হাজারের বেশি হয়েছে।

দেশ ছাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে উচ্চশিক্ষিত ও দক্ষ পেশাজীবীদের সংখ্যা। চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী এবং উচ্চপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের একটি উল্লেখযোগ্য অংশ নিরাপত্তার কারণে বিদেশে পাড়ি জমাচ্ছেন। এতে ইসরায়েলের দক্ষ জনশক্তিনির্ভর অর্থনীতিতে দীর্ঘমেয়াদি চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের কোলার স্কুল অব ম্যানেজমেন্টের অধ্যাপক ইতাই আতের এই প্রবণতাকে ‘গভীর সংকট’ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে নিরাপত্তার সন্ধানে দেশ ছেড়ে যাওয়া নাগরিকদের একটি বড় অংশ ভবিষ্যতে দেশে ফিরবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD