হরমুজ খুলতে চুক্তির দ্বারপ্রান্তে ইরান-ওমান

হরমুজ প্রণালি পুনরায় চালু করতে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান ও ওমান। এ নিয়ে দুই দেশ একটি সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের উদ্ধৃত করে সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিজ্ঞাপন
সম্ভাব্য চুক্তি অনুযায়ী, উপসাগরে প্রবেশকারী জাহাজগুলো ইরানের নিয়ন্ত্রণাধীন এবং দেশটির উপকূলসংলগ্ন একটি নির্দিষ্ট নৌপথ ব্যবহার করবে। বিপরীতে উপসাগর থেকে বেরিয়ে যাওয়া জাহাজগুলো ওমানের উপকূলঘেঁষা নৌপথ দিয়ে চলাচল করবে।
ইরানের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এসব নৌপথ ব্যবহারের জন্য কোনো টোল নেওয়া হবে না। তবে পরিবেশগত প্রভাব মোকাবিলা, পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাংকারের নিরাপত্তা এবং পরিচালন ব্যয় মেটাতে একটি ‘সেবা ফি’ রাখা হতে পারে। এ অর্থ ইরান ও ওমান সমানভাবে ভাগ করে নেবে বলে জানা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। তার দাবি, হরমুজ প্রণালিতে কোনো অস্থায়ী নৌপথ ব্যবহারের ক্ষেত্রে ইরানের অনুমোদনের প্রয়োজন হবে না। পাশাপাশি এ জন্য কোনো টোলও নেওয়া হবে না।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রস্তাবিত ব্যবস্থাপনা নিয়ে পেন্টাগনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা সংশয় প্রকাশ করেছেন। একই সঙ্গে চুক্তির মাধ্যমে ইরানকে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে কি না, তা নিয়েও উদ্বেগ রয়েছে তাদের।
এদিকে সম্ভাব্য চুক্তিটি বাস্তবে কতটা কার্যকর হবে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলা ঠেকাতে এটি কতটা ভূমিকা রাখতে পারবে, তা নিয়েও ইরানের কর্মকর্তাদের মধ্যে প্রশ্ন রয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সূত্র: আনাদোলু এজেন্সি








