Logo

ফারাক্কা চুক্তি নবায়ন না করার দাবি ভারতীয় এমপির

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ আগস্ট, ২০২৬, ১৭:৩৮
ফারাক্কা চুক্তি নবায়ন না করার দাবি ভারতীয় এমপির
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ফারাক্কা পানিবণ্টন চুক্তি আর নবায়ন না করার দাবি জানিয়েছেন ভারতের রাজ্যসভার সংসদ সদস্য সঞ্জয় কুমার ঝা। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে বিহারের পানির নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে চুক্তি নবায়ন না করার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় এক বিশেষ আলোচনায় বিষয়টি তুলে ধরেন সঞ্জয় কুমার ঝা। তার দাবি, প্রায় তিন দশক আগে করা এই চুক্তির কারণে বিহারের কৃষি, সেচব্যবস্থা ও সুপেয় পানির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে রাজ্যটিতে পানির সংকট দেখা দিলেও গঙ্গার পানি বাংলাদেশে প্রবাহিত করা হয় বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সঞ্জয় কুমার ঝা আরও বলেন, কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখার উদ্দেশ্যে ফারাক্কা ব্যারাজ নির্মাণ করা হলেও এর প্রভাবে বিহারে ভূগর্ভস্থ পানির স্তর উদ্বেগজনকভাবে নিচে নেমে গেছে। এ পরিস্থিতিতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে পুরোনো চুক্তিটি পুনরায় নবায়ন না করার দাবি জানান তিনি।

বিহার সরকারের পূর্বাভাসের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০৫০ সালের মধ্যে রাজ্যটির অতিরিক্ত প্রায় ২ হাজার কিউসেক পানির প্রয়োজন হতে পারে। তাই বিহারের দীর্ঘমেয়াদি পানির নিরাপত্তা এবং লাখ লাখ মানুষের জীবিকা নিশ্চিত না করে বাংলাদেশের সঙ্গে ফারাক্কা চুক্তির মেয়াদ বাড়ানো হলে তা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করেন তিনি।

বিজ্ঞাপন

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD