Logo

আড়াই বছর পর জানলেন ২৫ বিয়ে করেছেন মেয়ের জামাই

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ আগস্ট, ২০২৬, ২১:৫৫
আড়াই বছর পর জানলেন ২৫ বিয়ে করেছেন মেয়ের জামাই
ছবি: সংগৃহীত

ভুয়া পরিচয় ব্যবহার করে অন্তত ২৫টি বিয়ে এবং একাধিক নারীকে প্রতারণার অভিযোগ উঠেছে ভারতের উত্তর প্রদেশের এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তির সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার পর প্রতারিত হওয়ার অভিযোগ করেছেন রাজ্যটির সেভাটার বিজেপি বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

অভিযোগের ভিত্তিতে অনুজ ত্রিবেদী ও তার ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ৬ আগস্ট মেয়েকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে প্রতারণার অভিযোগ সামনে আনেন বিধায়ক জ্ঞান তিওয়ারি।

রেউসা থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালে উত্তর প্রদেশের মিসরিখের চন্দ্রওয়াল এলাকার বাসিন্দা অনুজ ত্রিবেদীর ছেলে প্রখর ত্রিবেদীর সঙ্গে বিধায়কের মেয়ে প্রজ্ঞার বিয়ে হয়। বিয়ের সময় অনুজ নিজেকে মুম্বাইয়ের একজন প্রতিষ্ঠিত আবাসন ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। একই সঙ্গে তার অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য গোপন করা হয় বলে অভিযোগ।

বিয়ের আগে স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া এবং এলাকার প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে ইতিবাচক তথ্য পাওয়ার পরই সম্পর্কটি চূড়ান্ত করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে বিয়ের প্রায় আড়াই বছর পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সূত্রের মাধ্যমে প্রখরের প্রকৃত পরিচয় এবং তার কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে বিধায়কের পরিবার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জ্ঞান তিওয়ারির অভিযোগ, প্রখর ভুয়া পরিচয় ব্যবহার করে নারীদের প্রেমের ফাঁদে ফেলতেন। পরে মহারাষ্ট্রসহ ভারতের বিভিন্ন রাজ্যের একাধিক নারীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিধায়কের দাবি, এখন পর্যন্ত প্রায় ২৫টি বিয়ে করেছেন প্রখর।

ঘটনার বিষয়টি জানার পর ওই পরিবারের সঙ্গে সব ধরনের ব্যক্তিগত ও সামাজিক সম্পর্ক ছিন্ন করে মেয়েকে নিজের বাড়িতে ফিরিয়ে এনেছেন বলে জানান বিধায়ক। তার ভাষ্য, এই ঘটনায় তার পরিবার গভীরভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে জনপ্রতিনিধি হিসেবে তার সামাজিক ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, বিধায়কের অভিযোগের পর রেউসা থানায় অনুজ ত্রিবেদীর বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে জ্ঞান তিওয়ারি বলেন, তার পরিবার প্রতারণার শিকার হয়েছে। অভিযুক্ত অনুজ ত্রিবেদীর কঠোর শাস্তি, এমনকি মৃত্যুদণ্ডেরও দাবি জানিয়েছেন তিনি।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD