রাশিয়ায় আরও ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর হয়ে লড়াই করতে উত্তর কোরিয়া রাশিয়ায় আরও অন্তত ৫০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বিজ্ঞাপন
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, খুব শিগগিরই উত্তর কোরিয়া রাশিয়ায় কমপক্ষে ৫০ হাজার নতুন সেনা পাঠাবে। এ বিষয়ে রাশিয়া ও উত্তর কোরিয়া চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, নতুন সেনাদের রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হবে।
তবে এই তথ্যের উৎস কী, সে বিষয়ে নিজের পোস্টে বিস্তারিত কিছু জানাননি জেলেনস্কি। তিনি দাবি করেন, সম্প্রতি ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ায় তৈরি কিছু ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
জেলেনস্কির দাবি, রাশিয়ার কাছ থেকে লাইসেন্স ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে উত্তর কোরিয়া রাশিয়ার ভেতরেই ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সহযোগিতার বিপরীতে দক্ষিণ কোরিয়ার সঙ্গেও ইউক্রেনের সামরিক সহযোগিতা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জেলেনস্কি।
তিনি জানান, ইউক্রেনের ঘাটতি থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা প্রত্যাশা করছে কিয়েভ। পাশাপাশি ড্রোন উৎপাদন এবং অন্যান্য সামরিক খাতেও দেশটির সঙ্গে যৌথভাবে কাজ করার প্রস্তুতির কথা জানান তিনি।
বিজ্ঞাপন
২০২৪ সালের জুনে উত্তর কোরিয়া সফর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সফরে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে একটি বিস্তৃত কৌশলগত চুক্তি সই করেন তিনি। চুক্তির আওতায় কোনো একটি দেশ বাইরের কোনো শক্তির হামলার শিকার হলে অপর দেশ সহযোগিতায় এগিয়ে আসার বিষয়ে সম্মত হয় দুই পক্ষ।
চুক্তি স্বাক্ষরের পর একই বছর প্রথমবারের মতো রাশিয়ায় প্রায় ১৪ হাজার সেনা পাঠায় উত্তর কোরিয়া।
চলতি আগস্টে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা জানান, রুশ বাহিনীকে সহায়তা করতে নিয়মিত সেনাদের পাশাপাশি উত্তর কোরিয়া তাদের একটি ক্ষেপণাস্ত্র ইউনিটও রাশিয়ায় পাঠিয়েছে। ওই ইউনিটের সঙ্গে ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ছয়টি লঞ্চার রয়েছে বলে দাবি করা হয়। ইউনিটটিকে রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স








