রাশিয়ায় রাতভর ব্যাপক ড্রোন হামলা ইউক্রেনের, নিহত ১৩

রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্মকর্তাদের দাবি, হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। সোমবার (১০ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
রুশ কর্তৃপক্ষের ভাষ্য, ইউক্রেনে মস্কোর পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার ভূখণ্ডে চালানো প্রাণঘাতী একক হামলাগুলোর মধ্যে এটি অন্যতম। হামলার পর হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
তাতারস্তানের নিজনেকামস্ক শহরেও হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কিয়েভের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। শহরটি ইউক্রেন সীমান্ত থেকে ১ হাজার ১০০ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত। ওই অঞ্চলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার এবং বড় একটি পেট্রোকেমিক্যাল প্রতিষ্ঠান রয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর হামলা চলার পর সকালেও কয়েক ঘণ্টা ধরে এর প্রভাব ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দিনের বেলাতেও আকাশে ধোঁয়া ও আগুনের বড় কুণ্ডলী দেখা গেছে। এ সময় বিমান হামলার সতর্কতামূলক সাইরেনও শোনা যায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও ও ছবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে এখনো রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। তবে সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় অর্থ ও রসদ সরবরাহ করে এমন বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে।
অন্যদিকে মস্কোর অভিযোগ, ইউক্রেনের হামলায় শিল্পকারখানা ও আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার তদন্ত কমিটির দাবি, হামলার এলাকায় সামরিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট নয়—এমন মানুষও ছিলেন। তবে এ দাবিও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।
বিজ্ঞাপন
তাতারস্তানের সরকারপ্রধান রুস্তম মিন্নিখানভ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি, গত রাতে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৪৫০টির বেশি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস বা ভূপাতিত করেছে।
সূত্র: বিবিসি








