পাকিস্তানে পুরুষের ধূমপান কমলেও বাড়ছে নারী ধূমপায়ী

পাকিস্তানে গত এক দশকে পুরুষদের মধ্যে ধূমপানের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে একই সময়ে নারীদের মধ্যে ধূমপানের হার বেড়েছে। নতুন এক গবেষণায় দেশটির ধূমপানের প্রবণতায় নারী ও পুরুষের মধ্যে এমন বিপরীত চিত্র উঠে এসেছে।
বিজ্ঞাপন
২০১৪ থেকে ২০২৪ সালের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, পাকিস্তানে পুরুষ ধূমপায়ীর হার ২২ দশমিক ২ শতাংশ থেকে কমে ১৫ দশমিক ৮ শতাংশে নেমেছে। অর্থাৎ এক দশকে পুরুষদের ধূমপানের হার প্রায় ২৯ শতাংশ কমেছে।
অন্যদিকে, একই সময়ে নারী ধূমপায়ীর হার ২ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে ৩ দশমিক ৩ শতাংশ হয়েছে। ফলে গত এক দশকে নারী ধূমপায়ীর হার প্রায় ৫৭ শতাংশ বেড়েছে।
গবেষণায় বলা হয়েছে, দীর্ঘদিনের তামাক নিয়ন্ত্রণ নীতি এবং বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ পুরুষদের মধ্যে ধূমপানের হার কমাতে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
তবে নারীদের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। পাকিস্তানে নারী ধূমপায়ীর সংখ্যা এখনো পুরুষদের তুলনায় অনেক কম হলেও জাতীয়ভাবে ধূমপানের প্রবণতা কমার মধ্যেও নারীদের হার বৃদ্ধির বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, জাতীয় গড় ধূমপানের হার কমে আসার তথ্যের আড়ালে নারী ও পুরুষের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। তাই ধূমপানের প্রবণতা বিশ্লেষণের সময় শুধু জাতীয় গড়ের ওপর নির্ভর না করে নারী-পুরুষসহ বিভিন্ন জনগোষ্ঠীর তথ্য আলাদাভাবে মূল্যায়ন করা প্রয়োজন।
বিজ্ঞাপন
এই পরিবর্তনশীল চিত্র বিশ্লেষণে ‘গ্যালপ পাকিস্তান ডিজিটাল অ্যানালিটিক্স’ ‘পাকিস্তান টোব্যাকো ইনসাইটস’ নামে একটি তথ্যভিত্তিক ব্যবস্থা চালু করেছে।
এতে গত ১০ বছরের দুটি আন্তর্জাতিক তামাক জরিপের তথ্য একত্র করা হয়েছে। বয়স ও লিঙ্গভেদে ধূমপানের হার, বিভিন্ন স্থানে পরোক্ষ ধূমপানের প্রভাব, সিগারেটের মূল্যবৃদ্ধির প্রবণতা এবং তামাকবিরোধী নীতি নিয়ে মানুষের মতামত বিশ্লেষণের সুযোগ রাখা হয়েছে।
গবেষণার তথ্য বলছে, পাকিস্তানে সামগ্রিকভাবে ধূমপানের হার কমলেও নারী ধূমপায়ীদের বৃদ্ধির বিষয়টি আলাদাভাবে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
বিজ্ঞাপন
সূত্র: সামা টিভি








