মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে যুক্ত করার প্রস্তাব রাশিয়ার

পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থায় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে রাশিয়া। সোমবার (৭ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে এক বৈঠকে ল্যাভরভ বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামোয় ইরানের অংশগ্রহণ আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে। তার মতে, আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
ল্যাভরভ স্মরণ করিয়ে দেন, প্রায় ২০ বছর আগে রাশিয়া আরব রাজতন্ত্র এবং ইরানসহ উপসাগরীয় দেশগুলোর জন্য একটি নিরাপত্তা ধারণা তৈরির প্রস্তাব দিয়েছিল। আরব লীগ, ওআইসি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যকে একসঙ্গে যুক্ত করে এই জটিল সম্পর্কের সমাধান সম্ভব বলে রাশিয়া মনে করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি উল্লেখ করেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। তবে কয়েক বছর আগে চীন ও রাশিয়ার সক্রিয় মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রস্তাবিত ‘মক্কা চুক্তি’র প্রসঙ্গ তুলে ল্যাভরভ বলেন, এটি যৌথ নিরাপত্তা ও প্রতিরক্ষা জোট গঠনের একটি রূপরেখা হিসেবে বিবেচিত হতে পারে। এই উদ্যোগে মিশর বা আলজেরিয়ার মতো দেশগুলোর পাশাপাশি ইরানকেও অন্তর্ভুক্ত করার উপযুক্ত শর্ত তৈরি করা গেলে তা রাশিয়ার প্রস্তাবিত মূল নিরাপত্তা ধারণার সবচেয়ে কার্যকর বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেন তিনি।
ল্যাভরভ আরও বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামোতে ইরানকে যুক্ত করা গেলে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিজ্ঞাপন
তবে এ ধরনের কোনো নিরাপত্তা কাঠামো গড়ে উঠলে রাশিয়া সেখানে নেতৃত্বস্থানীয় ভূমিকা দাবি করবে না বলেও স্পষ্ট করেছেন ল্যাভরভ। তার বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট দেশগুলোর সম্মিলিত উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা উচিত।
সূত্র: আনাদোলু এজেন্সি








