ভেনেজুয়েলার মতো এবার ইরানের তেল দখলের ইঙ্গিত ট্রাম্পের

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দীর্ঘায়িত করার পাশাপাশি দেশটির তেলসম্পদ থেকে আয় করার সম্ভাবনার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ক্ষেত্রে ভেনেজুয়েলার তেলসম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উদ্যোগের উদাহরণ টেনেছেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার (১৩ সেপ্টেম্বর) আয়ারল্যান্ড সফরে গিয়ে বিভিন্ন বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি গলফ টুর্নামেন্টেও উপস্থিত ছিলেন ট্রাম্প। সেখানে তিনি আবারও বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ চলতি বছরের মধ্যেই শেষ হবে বলে তিনি আশা করছেন। তবে নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুদ্ধের অবসান হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
আয়ারল্যান্ড ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, ইরানের যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম ‘পাথরের মতো দ্রুত’ কমে যাবে।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। সৌদি আরবের একটি তেল পাইপলাইনে হামলার পর সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে বলে ধারণা করছেন তেল ব্যবসায়ীরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইরান নিয়ে সম্ভাব্য আলোচনার বিষয়ে ট্রাম্প বলেন, তিনি কেবল ‘সঠিক চুক্তি’ করতে চান। তার ভাষায়, এমন কোনো চুক্তিতে তিনি যাবেন না, যেটি ‘ভালো নয়’। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান শান্তি আলোচনার জন্য ‘প্রতিনিয়ত’ যোগাযোগ করছে। তবে তেহরান অতীতে এ ধরনের দাবি প্রত্যাখ্যান করেছে।
এর মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পৃক্ততার আরেকটি সম্ভাব্য চিত্র তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানে সামরিক সম্পৃক্ততা বজায় রাখতে পারে। এ সময় ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের করা চুক্তির প্রসঙ্গও সামনে আনেন তিনি। গত আগস্টে ভেনেজুয়েলা নিয়ে ওই চুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল।
বিজ্ঞাপন
ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব—যদি না আমরা সেখানে থেকে গিয়ে ভেনেজুয়েলার মতো তেল রেখে দেওয়ার সিদ্ধান্ত নিই।’
ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রের পাওয়া রাজস্বের প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ওই আয় ‘অনেকবার যুদ্ধের খরচ’ পরিশোধ করেছে।
ট্রাম্পের এই বক্তব্যের মধ্য দিয়ে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ হওয়ার পর দেশটির তেলসম্পদ নিয়ে ওয়াশিংটনের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।








