গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৯ ফিলিস্তিনি, আহত প্রায় ৪০

গাজা উপত্যকার উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ধারাবাহিক ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন প্রায় ৪০ জন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়, ব্যক্তি, যানবাহন ও মানুষের জমায়েতকে লক্ষ্য করে বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গাজা শহরের আল-সাফতাউই সড়কে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। গাড়িটিতে থাকা আহমেদ আল-বাতশ নিহত হন। কুদস প্রেস তাকে হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেডের একজন কমান্ডার হিসেবে উল্লেখ করেছে।
পশ্চিম গাজা শহরের ১৭ নম্বর গোলচত্বরের কাছে পৃথক ড্রোন হামলায় ইউসুফ আল-জাইম নিহত হন। শেখ রাদওয়ান এলাকায় আরেক হামলায় সিভিল ডিফেন্স কর্মকর্তা শরিফ লাবাদ ও মুহাম্মদ আল-জিনাতি নামে এক শিশু নিহত হয়েছে। কুদস প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, লাবাদকে সহায়তার চেষ্টা করার সময় শিশুটিও হামলার শিকার হয়।
বিজ্ঞাপন
শেখ আজলিন এলাকায় একদল মানুষের ওপর ড্রোন হামলায় প্রায় ১০ জন আহত হন। মধ্য গাজার আল-জাওয়ায়েদা এলাকায় আল-বাইদার ক্যাফের কাছে আরেক হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দক্ষিণ গাজার খান ইউনিসের মাওয়াসি এলাকার আল-সামুদ অঞ্চলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া তাঁবু লক্ষ্য করে তিনটি ড্রোন হামলা চালানো হয়। এতে তিনজন নিহত এবং ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
বিজ্ঞাপন
নিহতদের একজন নায়েল আবু ওবাইদ। কুদস প্রেস তাকে আল-কাসসাম ব্রিগেডের রাফাহ ব্রিগেডের কমান্ডার হিসেবে বর্ণনা করেছে। নিহত অপর দুজনের পরিচয় বা কোনো সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।
এদিকে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দারা জানিয়েছেন, আবাসিক ভবনগুলোর আশপাশে ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন উড়তে দেখা গেছে। কয়েকজন বাসিন্দার দাবি, এসব ড্রোন জনাকীর্ণ এলাকায় গুলি চালানোর পাশাপাশি বিস্ফোরকও ফেলেছে।








