ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা গোপন করছে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে পেন্টাগনের প্রকাশ্য হিসাবের সঙ্গে অভ্যন্তরীণ তথ্যের অমিলের দাবি উঠেছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে ছয় মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়েছে, প্রকাশ্য হিসাবের চেয়ে অন্তত চারজন বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, পাঁচ কর্মকর্তার তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধ শুরুর পর অন্তত ২২ জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। অথচ পেন্টাগনের প্রকাশ্য ‘ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালিসিস সিস্টেম’ (ডিসিএএস) ডাটাবেজে নিহতের সংখ্যা ১৮ জন দেখানো হয়েছে।
অন্য এক কর্মকর্তা দাবি করেছেন, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে ২৩ জন মার্কিন সেনা সদস্য এবং তিনজন মার্কিন ঠিকাদার নিহত হয়েছেন। তবে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ওই অতিরিক্ত মৃত্যুর সবগুলো সরাসরি যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কি না, তা স্পষ্ট নয়; সংশ্লিষ্ট ব্যক্তিরা যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যে কর্মরত ছিলেন।
প্রকাশ্য ডাটাবেজে ১৮ জনের মৃত্যুর তথ্য থাকলেও অতিরিক্ত মৃত্যুর তথ্য সেখানে প্রতিফলিত না হওয়ায় কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পেন্টাগন এ হিসাবের পার্থক্য নিয়ে ওয়াশিংটন পোস্টের প্রশ্নের জবাব দেয়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনটি সরাসরি অস্বীকার করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছেন। ফলে সেনা নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে দুই ধরনের তথ্য সামনে এসেছে।
এর আগে জুলাইয়ে পেন্টাগনের ডাটাবেজ থেকে ইরানের সঙ্গে নতুন করে সংঘর্ষে নিহত চার মার্কিন সেনার নাম যুদ্ধের মূল হিসাব থেকে সরিয়ে ‘ওভারসিজ অপারেশনস’ নামে আলাদা একটি শ্রেণিতে রাখা হয়েছিল। পেন্টাগন তখন এটিকে নতুন শ্রেণিবিন্যাস হিসেবে ব্যাখ্যা করেছিল।
বিজ্ঞাপন
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর পর্যন্ত পেন্টাগনের প্রকাশ্য হিসাবে ইরান সংঘাত শুরুর পর ৮২০ জনের বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। তাদের অনেকেই মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার সময় মস্তিষ্কে আঘাতসহ বিভিন্ন ধরনের চোট পেয়েছেন।
অন্যদিকে, ইউএস সেন্ট্রাল কমান্ডের একটি নথি অনুযায়ী, সেপ্টেম্বরের শুরু পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ৪৩ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে প্রায় ২৮ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে ব্যবহৃত গোলাবারুদ ও অস্ত্র পুনঃস্থাপনে।
যুদ্ধের ব্যয় ও সেনা হতাহতের হিসাব নিয়ে প্রশ্নের পাশাপাশি যুক্তরাষ্ট্রে সংঘাতের প্রতি জনসমর্থন নিয়েও বিতর্ক চলছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উদ্ধৃত সেপ্টেম্বরের রয়টার্স-ইপসোস জরিপ অনুযায়ী, ট্রাম্পের ইরান নীতিকে সমর্থন করেছেন ২৮ শতাংশ মার্কিনি, আর ৬২ শতাংশ তা প্রত্যাখ্যান করেছেন।
বিজ্ঞাপন
সূত্র: ওয়াশিংটন পোস্ট








