রুশ হামলা ঠেকাতে ইউক্রেনকে বড় অস্ত্র সহায়তা যুক্তরাষ্ট্রের

রাশিয়ার হামলা মোকাবিলায় ইউক্রেনের অনুরোধের পর দেশটির কাছে ২ দশমিক ৬৮ বিলিয়ন ডলারের বিমান প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির সম্ভাব্য প্রস্তাবে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞাপন
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়নের জন্য বিভিন্ন সরঞ্জাম এবং সংশ্লিষ্ট সেবা বিক্রির সম্ভাব্য ‘ফরেন মিলিটারি সেল’ বা বিদেশি সামরিক বিক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তবে চূড়ান্ত হওয়ার আগে প্রস্তাবটি কংগ্রেসের পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হবে।
ইউক্রেনের অনুরোধ করা সরঞ্জামের তালিকায় বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, লঞ্চার, মোবাইল লঞ্চিং সিস্টেমের পরিবর্তন কিট, ড্রোন প্রতিরোধী রাডার, ট্রেইলার, খুচরা যন্ত্রাংশ, সফটওয়্যার এবং কারিগরি ও লজিস্টিক সহায়তা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রস্তাবিত ক্রয় চূড়ান্ত হলে এর অর্থায়ন ইউরোপীয় দেশগুলোর অবদান এবং যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনের সময়ে বরাদ্দ করা ‘ফরেন মিলিটারি ফাইন্যান্সিং’ বা বিদেশি সামরিক অর্থায়ন তহবিলের সমন্বয়ে করা হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এর আগে চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্র যে অর্থ ব্যয় করেছে, তার একটি অংশ ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে ফেরত নেওয়ার বিষয়ে তিনি উদ্যোগ নেবেন। ইউক্রেনের জন্য পশ্চিমা সহায়তার ব্যয়ের বড় অংশ ইউরোপের বহন করা উচিত—এমন অবস্থানও তিনি আগে জানিয়েছেন।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় রাশিয়ার হামলা বেড়েছে। গোলাবারুদের ঘাটতির কারণে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা মোকাবিলায় চাপের মধ্যে রয়েছে বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রস্তাবিত বিক্রয় চূড়ান্ত হলে তা ইউক্রেনের বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। তবে এটি এখনো চূড়ান্ত অস্ত্র চুক্তি নয়; কংগ্রেসের পর্যালোচনা শেষে পরবর্তী প্রক্রিয়া এগোবে।
সূত্র: এএফপি








