সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা করা হবে

সৌদি আরবের পক্ষে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করলে পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। একই সঙ্গে লোহিত সাগরের কৌশলগত বাব আল-মানদেব প্রণালীতে মার্কিন জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা।
বিজ্ঞাপন
মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন হুথিদের সামরিক উপদেষ্টা আবেদ মোহাম্মদ আল-থাওর। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবকে সামরিক সহায়তা দেয় কিংবা বাব আল-মানদেবের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, তাহলে হুথিরা এর জবাব দেবে।
আল-থাওরের ভাষ্য, যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ পাঠিয়ে ইয়েমেনে হস্তক্ষেপ করলে অথবা বাব আল-মানদেব প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে সেটিকে তারা বড় ধরনের সীমা লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে। এ পরিস্থিতিতে হুথিরা লড়াই চালিয়ে যাবে বলেও জানান তিনি।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বিস্তীর্ণ এলাকা ও বাব আল-মানদেব প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে হুথিরা। প্রণালীটি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় তাদের এই অগ্রযাত্রা নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে সৌদি আরবের সঙ্গে হুথিদের সংঘাতও নতুন করে তীব্র হয়েছে। গত কয়েক দিনে হুথিরা সৌদি আরবের বিভিন্ন সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। জবাবে সৌদি আরব ইয়েমেনে হামলা চালানোর কথা জানিয়েছে হুথিরা।
মার্কিন সামরিক সহায়তার বিষয়ে আল-থাওর বলেন, যুক্তরাষ্ট্র যদি বিমান হামলা বা আকাশপথে সহায়তার মাধ্যমে সৌদি আরবের পাশে দাঁড়ায়, তাহলে ওই অঞ্চলে থাকা যেকোনো মার্কিন স্বার্থকে হুথিরা লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। একই সঙ্গে মার্কিন জাহাজের জন্য বাব আল-মানদেব পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তিনি।
তবে ইরানের কাছ থেকে সরাসরি নির্দেশনা পাওয়ার কথা অস্বীকার করেছেন হুথি এই সামরিক উপদেষ্টা। তার দাবি, ইরান তাদের বন্ধু ও মিত্র হলেও হুথিদের সিদ্ধান্ত অন্য কেউ নিয়ন্ত্রণ করে না এবং নিজেদের সিদ্ধান্তে তারা স্বাধীন।
বিজ্ঞাপন
জাতিসংঘের তথ্য অনুযায়ী, নতুন করে শুরু হওয়া সংঘাতে ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। সাম্প্রতিক লড়াইয়ে ইতোমধ্যে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে।
ইয়েমেনে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা বাড়ছে। একই সময়ে বাব আল-মানদেব ও হরমুজ প্রণালীর নিরাপদ নৌ চলাচল নিয়ে আঞ্চলিক শক্তিগুলোও উদ্বেগ প্রকাশ করছে।








