Logo

নিরাপত্তা সতর্কতায় নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করলেন নেতানিয়াহু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৫৫
নিরাপত্তা সতর্কতায় নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

নিরাপত্তা সতর্কবার্তার পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর একই দিন ইসরায়েলে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। ফলে যুক্তরাষ্ট্রে তার অবস্থান কয়েক ঘণ্টার মধ্যেই সীমাবদ্ধ থাকছে।

বিজ্ঞাপন

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, সাম্প্রতিক কয়েকটি বৈঠকে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে অবস্থান দীর্ঘায়িত না করার পরামর্শ দেন। এসব বৈঠকে উপস্থাপিত গোয়েন্দা তথ্যের মধ্যে নির্দিষ্ট কিছু সতর্কবার্তা ছিল বলে জানানো হয়েছে। তবে সতর্কবার্তাগুলোর ধরন বা সম্ভাব্য হুমকি সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

নেতানিয়াহু ২৩ সেপ্টেম্বর রাতে ইসরায়েল ত্যাগ করে ২৪ সেপ্টেম্বর সকালে নিউইয়র্কে পৌঁছান। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর সেখানে রাতযাপন না করে ওই দিনই ইসরায়েলে ফেরার কথা রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কে তার অবস্থান আট ঘণ্টারও কম হতে পারে।

নেতানিয়াহুর সফরকে ঘিরে নিউইয়র্কে বিক্ষোভেরও প্রস্তুতি রয়েছে। গাজা যুদ্ধ এবং ইসরায়েল সরকারের নীতির প্রতিবাদে বিভিন্ন সংগঠন বিক্ষোভের ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে নেতানিয়াহুর রাজনৈতিক বিরোধও সফরটিকে আলোচনায় এনেছে। মামদানি আগে নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেছেন এবং তাকে গ্রেপ্তারের আইনি পথ খোঁজার কথা বলেছিলেন। তবে তিনি স্বীকার করেছেন, নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের এককভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার ক্ষমতা নেই।

নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালের নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালত তাকে ও তৎকালীন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে গাজা যুদ্ধসংক্রান্ত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত করেছে। ইসরায়েল অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

নিরাপত্তা সতর্কতার পাশাপাশি জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহুর উপস্থিতি এমন সময়ে হচ্ছে, যখন গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা অব্যাহত রয়েছে। তবে সফর সংক্ষিপ্ত করার নির্দিষ্ট নিরাপত্তা কারণ ইসরায়েলি কর্তৃপক্ষ প্রকাশ করেনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD