হরমুজ অবরোধের জেরে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া

জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে কথিত যোগসাজশ এবং মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে ইরানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কলম্বিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত ঘোষণা করে।
বিজ্ঞাপন
কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর থেকেই সিদ্ধান্তটি কার্যকর হয়েছে। জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ মোকাবিলাকে বৈদেশিক নীতির অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান সরকারের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী ও মাদক-সন্ত্রাসী গোষ্ঠীর কথিত সম্পর্কের বিষয়টি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি জড়িত নয় এমন দেশগুলোর ওপর হামলা এবং হরমুজ প্রণালী অবরোধের বিষয়ও বিবেচনায় ছিল।
এ ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচির পরিধি যাচাইয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রচেষ্টায় তেহরানের বাধা দেওয়ার অভিযোগও কলম্বিয়ার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব ঘটনায় ইরান সরকারের প্রতি কলম্বিয়ার আস্থা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার অর্থ দুই দেশের সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া নয়। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে, কনস্যুলার সম্পর্ক বজায় থাকবে। ভিয়েনা কনভেনশনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী কনস্যুলার কার্যক্রম চালু রাখার প্রক্রিয়া অনুসরণ করা হবে।
কলম্বিয়া ও ইরানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭৫ সালের ২৮ এপ্রিল। দীর্ঘদিন ধরে দুই দেশ কূটনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বজায় রেখেছিল।
সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তটি এসেছে কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার সরকারের পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের মধ্যেই। নতুন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করার পাশাপাশি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নিয়েছে। এর আগে সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সময় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছিল।
বিজ্ঞাপন
এরই মধ্যে কলম্বিয়া ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-কেও সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। কলম্বিয়ার সরকার জানিয়েছে, আইআরজিসিকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফলে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি ইরানের সঙ্গে নিরাপত্তা ও কূটনৈতিক ক্ষেত্রে কলম্বিয়ার নীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। তবে দুই দেশের নাগরিকদের কনস্যুলার সেবা ও সংশ্লিষ্ট যোগাযোগ পুরোপুরি বন্ধ হচ্ছে না।
সূত্র: কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, আনাদোলু এজেন্সি, এএফপি








