Logo

জাতিসংঘে পাকিস্তানের নাম ‘না’ নিয়েই কড়া বার্তা জয়শঙ্করের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:০০
জাতিসংঘে পাকিস্তানের নাম ‘না’ নিয়েই কড়া বার্তা জয়শঙ্করের
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে পাকিস্তানের নাম সরাসরি উল্লেখ না করেই সন্ত্রাসবাদ নিয়ে কড়া বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর বক্তব্যে সন্ত্রাসবাদকে স্বাভাবিক হিসেবে উপস্থাপনের চেষ্টা এবং তথ্য বিকৃতির অভিযোগ উঠে আসে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগের দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বক্তব্যের প্রেক্ষাপটেই জয়শঙ্করের মন্তব্য এসেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বক্তব্য দেন জয়শঙ্কর। তিনি বলেন, সন্ত্রাসবাদের ধারাবাহিক চর্চাকারী একটি পক্ষ আগের দিন জাতিসংঘের মঞ্চে তথ্য বিকৃত করেছে এবং সন্ত্রাসবাদকে স্বাভাবিক হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জয়শঙ্কর আরও বলেন, সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত কোনো পক্ষ এর পরিণতি থেকে দায়মুক্তি দাবি করতে পারে না। ভারতের আত্মরক্ষার অধিকার প্রয়োগের কথাও উল্লেখ করে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো ধরনের আপস না করার অবস্থান তুলে ধরেন।

এর আগে শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কাশ্মীর ইস্যুতে তাঁর দেশের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে ২০২৫ সালের ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের প্রসঙ্গ এনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের প্রশংসা করেন তিনি। কাশ্মীর সমস্যার একটি ‘ন্যায্য ও গ্রহণযোগ্য’ সমাধানের প্রয়োজনীয়তার কথাও বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

পরদিন ওই বক্তব্যের প্রসঙ্গ টেনে জয়শঙ্কর সন্ত্রাসবাদকে স্বাভাবিক করার প্রচেষ্টা এবং এর পরিণতি থেকে দায়মুক্তির যুক্তি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘বন্ধুত্ব ও সদিচ্ছার সঙ্গে সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে পারে না।’ পাশাপাশি সন্ত্রাসবাদের অর্থায়ন বন্ধ এবং এর অর্থনৈতিক ও সাংগঠনিক নেটওয়ার্ক ভেঙে দেওয়ার ওপর গুরুত্ব দেন।

জাতিসংঘে বক্তব্যের পাশাপাশি আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়েও কথা বলেন জয়শঙ্কর। বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর হামলার বিরোধিতা করে তিনি উত্তেজনা কমানো এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর এক দিন আগে নিউইয়র্কে জাতিসংঘের একটি সংবাদ সম্মেলনের বাইরে পাকিস্তান নিয়ে আরও সরাসরি মন্তব্য করেছিলেন জয়শঙ্কর। এক পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি পাল্টা মন্তব্য করেন। জাতিসংঘের প্রকাশিত ট্রান্সক্রিপ্টেও ওই প্রশ্নোত্তরের অংশটি রয়েছে।

এবারের জাতিসংঘ অধিবেশনে ভারত ও পাকিস্তানের বক্তব্যে কাশ্মীর ও সন্ত্রাসবাদসহ দুই দেশের দীর্ঘদিনের বিরোধের বিষয়গুলো আবারও আন্তর্জাতিক মঞ্চে উঠে এসেছে। জয়শঙ্করের বক্তব্যে ভারতের নিরাপত্তা ও সন্ত্রাসবাদবিরোধী অবস্থান এবং পাকিস্তানের বক্তব্যে কাশ্মীরকেন্দ্রিক অবস্থান পৃথকভাবে সামনে আসে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD