এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১২ হাজার ৬২৮ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে এসব আইন লঙ্ঘনের অভিযোগে ১৩ হাজার ৬২৮ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
বিজ্ঞাপন
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে চালানো অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৫৯৩ জন আবাসন আইন, ৩ হাজার ৫৩১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৫০৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।
এ ছাড়া সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ১৯৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপিয়ার, ৩৬ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
বিজ্ঞাপন
অন্যদিকে, অবৈধভাবে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টা করার সময় ২৭ জনকে আটক করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া বা কাজে নিয়োগের অভিযোগে আরও ২২ জনকে আটক করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে আইন লঙ্ঘনের অভিযোগে ৩১ হাজার ৩৯৮ জন প্রবাসী বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ২৯ হাজার ১৮ জন পুরুষ এবং ২ হাজার ৩৮০ জন নারী।
এ ছাড়া ১৮ হাজার ৫৪৯ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ৩ হাজার ৮১৫ জনকে সৌদি আরব ছাড়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পাঠানো হয়। এর মধ্যে ১২ হাজার ৬২৮ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তা করা, অবৈধভাবে প্রবেশকারীদের পরিবহন বা আশ্রয় দেওয়া কিংবা অন্য কোনোভাবে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।
এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার পাশাপাশি অবৈধ অভিবাসীদের পরিবহন বা আশ্রয়ে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি জব্দ করা হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
আইন লঙ্ঘনকারীদের সহযোগিতা না করতে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে সতর্ক করেছে।
বিজ্ঞাপন
সূত্র: গালফ নিউজ








