মেয়েকে শেখাচ্ছিলেন ড্রাইভিং, সেই গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬২ বছর বয়সী বাংলাদেশি মোহাম্মদ আবদুর রহিম। স্থানীয় সময় রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ওয়ার্নার অ্যাভিনিউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ১৮ বছর বয়সী মেয়েকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন আবদুর রহিম। অনুশীলনের একপর্যায়ে মেয়ের চালানো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। পরে গাড়িটি তাকে কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। গুরুতর আহত অবস্থায় আবদুর রহিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সময় তার মেয়ে ঘটনাস্থলেই ছিলেন এবং তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে দুর্ঘটনার সঙ্গে মাদক বা অ্যালকোহলের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার কারণ খতিয়ে দেখছে ওয়ারেন পুলিশের ট্রাফিক দুর্ঘটনা তদন্তকারী দল।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রের বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আবদুর রহিমের বাড়ি ঢাকার ধানমন্ডিতে। প্রায় সাত বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। দুই মেয়ে ও এক ছেলের বাবা ছিলেন তিনি। তার একমাত্র ছেলে বাংলাদেশে থাকেন বলে জানা গেছে।
আবদুর রহিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মিশিগানের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।








