Logo

জাতিসংঘের পরবর্তী মহাসচিবের দৌড়ে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৩০
জাতিসংঘের পরবর্তী মহাসচিবের দৌড়ে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান
ছবি: সংগৃহীত

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের দৌড়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যান। মঙ্গলবার অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের চতুর্থ দফার অনানুষ্ঠানিক ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছেন তিনি। সংশ্লিষ্ট প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বিজ্ঞাপন

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের গোপন ভোটে গ্রিনস্প্যান ১০টি ‘সমর্থন’, তিনটি ‘বিরোধিতা’ এবং দুটি ‘মতামত নেই’ ভোট পেয়েছেন।

গায়ানার জাতিসংঘবিষয়ক রাষ্ট্রদূত ক্যারোলিন রদ্রিগেস-বিরকেট পেয়েছেন আটটি ‘সমর্থন’, ছয়টি ‘বিরোধিতা’ এবং একটি ‘মতামত নেই’ ভোট। আর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি পেয়েছেন আটটি ‘সমর্থন’ ও সাতটি ‘বিরোধিতা’ ভোট।

এর আগে জুলাই ও সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রথম ও তৃতীয় দফার ভোটেও গ্রিনস্প্যান এগিয়ে ছিলেন। তবে আগস্টে দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছিলেন রদ্রিগেস-বিরকেট। ফলে এখনো কোনো প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করার মতো ঐকমত্য তৈরি হয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট গত ২১ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার করায় বর্তমানে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে সাতজন প্রার্থী রয়েছেন। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হবে এবং নতুন মহাসচিবের পাঁচ বছরের মেয়াদ শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি।

নতুন মহাসচিবকে একাধিক আন্তর্জাতিক সংঘাত, জাতিসংঘের অর্থায়নসংক্রান্ত চাপ এবং বৈশ্বিক রাজনীতিতে সংস্থাটির প্রভাব নিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে রয়টার্স।

তবে নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক ভোটের ফলই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্য—প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপত্তা পরিষদ শেষ পর্যন্ত একজন প্রার্থীকে সাধারণ পরিষদের কাছে সুপারিশ করবে, এরপর ১৯৩ সদস্যের সাধারণ পরিষদ তাকে অনুমোদন দেবে।

বিজ্ঞাপন

জাতিসংঘের ৮০ বছরের বেশি ইতিহাসে এখনো কোনো নারী মহাসচিবের দায়িত্ব পাননি। গ্রিনস্প্যান নির্বাচিত হলে তিনি সংস্থাটির প্রথম নারী মহাসচিব হবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে নিরাপত্তা পরিষদে আরও কয়েক দফা অনানুষ্ঠানিক ভোট হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD