Logo

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিল যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৪৫
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া নিয়ে তেহরানের দেওয়া নতুন প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরান জানিয়েছে, তারা মার্কিন জবাব পেয়েছে। তবে ওই জবাবে কী বলা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন জবাবটি ইরান সরকারের কাছে পৌঁছে দিয়েছেন। রয়টার্সকে এক আলোচনাসংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে দোহায় আরাঘচির কাছে ওয়াশিংটনের প্রতিক্রিয়া পৌঁছায়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে আরাঘচি জানিয়েছিলেন, তেহরান তখন পর্যন্ত ওয়াশিংটনের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক প্রত্যাখ্যানের বার্তা পায়নি। এরপর কাতারের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত সপ্তাহে ইরান সাত দিনের একটি প্রস্তাব দেয়। এতে যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ তুলে নেবে, ইরানের জব্দ করা অর্থ ছাড়বে, তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধ করবে—এর বিনিময়ে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালুর কথা বলা হয়।

বিজ্ঞাপন

রয়টার্সের তথ্য অনুযায়ী, আলোচনার প্রধান মতপার্থক্য এখন প্রস্তাবের বিষয়বস্তু নিয়ে নয়, বরং কোন পক্ষ আগে কোন পদক্ষেপ নেবে—তা নিয়ে। আলোচনাসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, দুই পক্ষের প্রস্তাবের মূল উপাদানগুলো নিয়ে মোটামুটি সমঝোতা থাকলেও সেগুলো বাস্তবায়নের ক্রম নিয়ে মতবিরোধ রয়েছে।

গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতার মাধ্যমে সাময়িক যুদ্ধবিরতি হয়েছিল। তবে কয়েক সপ্তাহের মধ্যেই সেটি ভেঙে যায়। নতুন প্রস্তাবের লক্ষ্য ওই সমঝোতার আরও শক্তিশালী একটি সংস্করণে ফিরে যাওয়া বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তবে যুক্তরাষ্ট্রের সর্বশেষ জবাব গ্রহণযোগ্য কি না, কিংবা ওয়াশিংটন নতুন করে আলোচনায় সম্মত হয়েছে কি না—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD