ভয়াবহ বিমান বিপর্যয় ঠেকালেন ভারতীয় পাইলট, স্যালুট নেতানিয়াহুর

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে ছিনতাইয়ের চেষ্টা ঘিরে তৈরি হয়েছিল ভয়াবহ পরিস্থিতি। তবে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড়ের সাহসিকতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। গুরুতর আহত অবস্থাতেও ককপিটের দরজা খুলে দেওয়ায় যাত্রীরা সেখানে ঢুকে হামলাকারী পাইলটকে নিবৃত করতে সক্ষম হন।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটে গতকাল। ওই সময় বিমানটির দায়িত্বে ছিলেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড়। অভিযোগ অনুযায়ী, তারই এক সহকর্মী পাইলট ছুরি দিয়ে তাকে আঘাত করেন। এতে স্মিত গুরুতর আহত হন।
তবে আহত হওয়ার পরও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। হামলাকারীকে ঠেকাতে পাল্টা প্রতিরোধের পাশাপাশি ককপিটের দরজা খুলে দেন স্মিত। এরপর বিমানের কয়েকজন যাত্রী ককপিটে প্রবেশ করে হামলাকারী পাইলটকে নিবৃত করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এই সাহসিকতার জন্য ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড়ের প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “অসাধারণ সাহসিকতার জন্য ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড়কে আমার স্যালুট। ছুরিকাঘাতের শিকার ও গুরুতর আহত হওয়া সত্ত্বেও, তিনি পাল্টা লড়াই করেন, হামলাকারীকে বাধা দেন এবং ককপিটের দরজা খুলে দেন। এতে করে যাত্রী ও অন্য ক্রুরা ককপিটে প্রবেশ করে হামলাকারী পাইলটকে নিবৃত করতে সমর্থ হন। তিনি ভয়াবহ মধ্য-আকাশের বিপর্যয় ঠেকিয়ে দিয়েছেন।”
ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড়কে ‘সত্যিকারের হিরো’ হিসেবে অভিহিত করে তার সুস্থতা কামনা করেছেন নেতানিয়াহু।
ক্যাপ্টেন স্মিত ছুরি হামলায় গুরুতর আহত হয়েছেন। একটি ভিডিওতে দেখা গেছে, হামলার পর তার পুরো শরীর রক্তে ভিজে আছে এবং তিনি কথা বলতে পারছিলেন না।
বিজ্ঞাপন
ভয়াবহ ওই ঘটনার সময় বিমানটিতে সৌভাগ্যক্রমে সাধারণ যাত্রীর আসনে দুজন অফ-ডিউটি পাইলট ছিলেন। যখন ককপিটে এমন ঘটনা ঘটে, তখন তারা গিয়ে বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে এটি সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করান।
সূত্র: এনডিটিভি








