বাংলাদেশি সন্দেহে আসামে রেলস্টেশন থেকে আটক ৯

ভারতের আসাম রাজ্যের বঙাইগাঁও জেলার নিউ বঙাইগাঁও রেলস্টেশনে যৌথ অভিযান চালিয়ে নয়জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) চালানো ওই অভিযানে তাদের কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র, পাসপোর্ট এবং তিনটি সন্দেহভাজন ভুয়া ভারতীয় আধার কার্ড উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিরা কাজের উদ্দেশ্যে ভারতের অন্য কোনো এলাকায় যাওয়ার পরিকল্পনা করছিলেন। বঙাইগাঁওয়ের এসএসপি নুমাল মাহাত্তা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের পর নয়জনই বাংলাদেশের নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে চারটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জব্দ করা হয়েছে ছয়টি মোবাইল ফোন, একটি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি সন্দেহভাজন ভুয়া ভারতীয় আধার কার্ড এবং পাঁচটি রেল টিকিট।
এসএসপি নুমাল মাহাত্তার দাবি, প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা ভারতের একটি প্রতিবেশী রাজ্য হয়ে আসামে প্রবেশ করেছিলেন। এরপর নিউ বঙাইগাঁও রেলস্টেশন থেকে অন্যত্র যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশের তথ্য অনুযায়ী, প্রথমে ছয়জনকে আটক করা হয়। পরে আরও তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
বঙাইগাঁও পুলিশ ও নিউ বঙাইগাঁওয়ের সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আটক নয়জনের গন্তব্য ছিল ভারতের অন্য কোনো এলাকা এবং সেখানে কাজের পরিকল্পনা ছিল তাদের।
এর আগে ১৬ সেপ্টেম্বর আসামের গুয়াহাটি ও রাঙ্গিয়ায় পৃথক অভিযানে নারী, পুরুষ ও অপ্রাপ্তবয়স্কসহ ২৭ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছিল। পুলিশ জানিয়েছিল, তাদের কাছে ভারতে বৈধ অবস্থানের প্রমাণপত্র ছিল না।
বিজ্ঞাপন
এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এখন পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আমরা অনেক বাংলাদেশি নাগরিককে আটক করেছি। তাদের সবার বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা ও ব্যবস্থা নেয়া হয়েছে।’








