প্রেমের ফাঁদে ভারতীয় নৌসেনা, তথ্য নিলেন পাকিস্তানি গোয়েন্দা

ভারতের নৌবাহিনীর এক সদস্যকে কথিত প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতর সামরিক তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানি এক নারী গোয়েন্দার বিরুদ্ধে। এ ঘটনায় ওই নৌসেনাকে আটক করেছে ভারতের পুলিশ।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার তামিলনাড়ুর কোয়েম্বাটুরে নৌ প্রশিক্ষণ কেন্দ্র আইএনএস অগ্রণী থেকে তাকে গ্রেপ্তার করে অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এর এক সপ্তাহ আগে ওই প্রশিক্ষণ কেন্দ্রে গিয়েছিলেন তিনি।
গ্রেপ্তার নৌসেনার নাম প্রদীপ মুখার্জি। ৩১ বছর বয়সী প্রদীপ পশ্চিমবঙ্গের বাসিন্দা। ২০১৪ সালে তিনি ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রদীপ ইস্টার্ন নেভাল কমান্ডে নাবিক হিসেবে মোতায়েন ছিলেন। বিশাখাপত্তমভিত্তিক এই কমান্ডের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সামরিক তথ্য তার কাছ থেকে নেওয়া হয়েছে বলে তদন্তকারীদের সন্দেহ।
বিজ্ঞাপন
পুলিশের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদীপের সঙ্গে যোগাযোগ করেন ওই নারী। পরে ধীরে ধীরে তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। একপর্যায়ে প্রেমের সম্পর্কের অভিনয় করে প্রদীপের কাছ থেকে বিশাখাপত্তম নৌঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামো, নৌবহরের চলাচলসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করেন বলে অভিযোগ রয়েছে।
প্রদীপের কাছ থেকে ওই নারী ঠিক কতটা তথ্য সংগ্রহ করেছেন, তা জানতে তদন্ত চলছে। একই সঙ্গে তথ্যের বিনিময়ে তাকে কোনো অর্থ দেওয়া হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।








