Logo

স্পেনে আগাম নির্বাচনের ঘোষণা প্রধানমন্ত্রীর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬, ১৮:১৬
স্পেনে আগাম নির্বাচনের ঘোষণা প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

আবাসন সংকট মোকাবিলায় সরকারের প্রস্তাবিত বিল সংসদে বাতিল হওয়ার পর স্পেনে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সোমবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

গত শুক্রবার সংসদে ভোটাভুটিতে বিলটি পাস না হওয়ায় সংখ্যালঘু সরকারের জন্য বড় রাজনৈতিক ধাক্কা তৈরি হয়েছে। ২০১৮ সাল থেকে ক্ষমতায় থাকা সানচেজ বলেন, সরকারের সংস্কারমূলক কাজ এগিয়ে নিতে জনগণের রায় নতুন করে নেওয়া এবং সমর্থনের পরিধি বাড়ানো প্রয়োজন।

সানচেজ জানান, সংসদে তুলনামূলক শক্তিশালী ও প্রগতিশীল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করাই তার প্রধান লক্ষ্য।

প্রস্তাবিত আবাসন বিলে ভাড়া চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়নের সুযোগ এবং অসহায় ও সুবিধাবঞ্চিত ভাড়াটিয়াদের বিনা নোটিশে উচ্ছেদের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপের কথা ছিল। তবে বিরোধী দলগুলোর ভোটে বিলটি সংসদে আটকে যায়।

বিজ্ঞাপন

বিল বাতিলের পর আবাসন সংকট নিয়ে স্পেনে নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সাশ্রয়ী আবাসনের দাবিতে শনিবার রাজধানী মাদ্রিদসহ দেশটির বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভ করেন। মাদ্রিদের কেন্দ্রস্থলেও জরুরি আবাসন সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা এক সপ্তাহের বেশি সময় ধরে তাঁবু টাঙিয়ে অবস্থান করছেন।

দেশটির আবাসন সংকটের পেছনে বাড়িভাড়া ও বাড়ির দামের দীর্ঘমেয়াদি ঊর্ধ্বগতি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। রিয়েল এস্টেট পোর্টাল আইডিয়ালিস্টার তথ্য অনুযায়ী, গত এক দশকে স্পেনে গড় বাড়িভাড়া প্রায় দ্বিগুণ হয়েছে। একই সময়ে বাড়ি কেনার ক্ষেত্রে চাওয়া দাম বেড়েছে প্রায় ৯০ শতাংশ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সম্প্রতি মাদ্রিদে দীর্ঘদিন বসবাস করা ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাজকালকে তার ফ্ল্যাট থেকে উচ্ছেদের ঘটনা আবাসন সংকট নিয়ে ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। স্থানীয় আবাসন অধিকারকর্মীদের দাবি, সাত দশকেরও বেশি সময় ধরে ওই ফ্ল্যাটে বসবাস করা আবাজকালের ভবন একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান কিনে নেওয়ার পর তার ভাড়া ২৭৫ শতাংশ বাড়ানো হয়। নতুন ভাড়া দিতে না পারায় তাকে উচ্ছেদ করা হয়েছিল।

বিজ্ঞাপন

পরবর্তীতে দেশজুড়ে তীব্র জনরোষের মুখে নতুন মালিকপক্ষ আবাজকালকে তুলনামূলক কম ভাড়ায় আবার ওই ফ্ল্যাটে থাকার সুযোগ দিয়ে সমঝোতা করে।

এদিকে, সানচেজ সরকারের আবাসন আইন বাস্তবায়নের প্রস্তাব আটকে যাওয়ার পেছনে কাতালান বিচ্ছিন্নতাবাদী দল জুনটসের বিরোধিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দলটি এতদিন সানচেজ সরকারকে বাইরে থেকে সমর্থন দিয়ে এলেও এবার বিলটির বিপক্ষে ভোট দেয়। জুনটসের দাবি, বিলটি তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে এবং এটি কার্যকর হলে আবাসন সংকট আরও বাড়তে পারে।

সানচেজ সরকারের সর্বশেষ অর্থ পরিকল্পনা অনুযায়ী, স্পেন কয়েক বছর ধরে ২০২৩ সালের বাজেট বরাদ্দের ভিত্তিতেই পরিচালিত হচ্ছে। অন্যদিকে, সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পিপি জনপ্রিয়তায় ক্ষমতাসীন সোশালিস্টদের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD