মুখ্যমন্ত্রীর কাছে আবদার, ‘স্যার, একটা আইফোন চাই’

মানুষের নানা সমস্যা ও আবদার নিয়ে জনপ্রতিনিধিদের কাছে যাওয়ার ঘটনা নতুন নয়। তবে ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করতে এসে এক যুবকের করা ব্যতিক্রমী আবদার এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ভিড়ের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে ওই যুবক সরাসরি একটি আইফোন চেয়ে বসেন। পরে ঘটনাটির ভিডিও নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন বিশ্বশর্মা।
বিজ্ঞাপন
ভিডিওতে দেখা যায়, মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন আসামের মুখ্যমন্ত্রী। এ সময় এক যুবক তার সামনে এসে নিজের আবদারের কথা জানান। কোনো ভূমিকা ছাড়াই ওই ব্যক্তি বলেন, ‘স্যার, আমি একটি আইফোন চাই।’
হঠাৎ এমন অনুরোধ শুনে কিছুটা অবাক হন বিশ্বশর্মা। তিনি ওই যুবককে প্রশ্ন করেন, ‘আইফোন? তুমি পুরোনো আইফোন চাও, নাকি নতুন?’
এরপর পরিস্থিতি আরও মজার হয়ে ওঠে। কথোপকথনের একপর্যায়ে মুখ্যমন্ত্রী হাত তুলেছিলেন এমন ভঙ্গিতে, যেন যুবকটিকে হালকা করে চড় দিতে যাচ্ছেন। তবে শেষ পর্যন্ত তিনি রসিকতার মধ্যেই ওই আবদারে সম্মতি জানান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিশ্বশর্মাকে বলতে শোনা যায়, ‘ঠিক আছে, আমরা তোমাকে একটি আইফোন এনে দেব। তুমি পেয়ে যাবে।’
এরপর মুখ্যমন্ত্রী সেখান থেকে এগিয়ে যান এবং আশপাশে থাকা অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে থাকেন। পরে তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সংক্ষিপ্ত ক্যাপশনে লেখেন, ‘খুবই স্পষ্ট অগ্রাধিকার।’
বিজ্ঞাপন
ভিডিওটি প্রকাশের পর দ্রুতই তা ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রীর কাছে এমন সরাসরি ও অপ্রত্যাশিত আবদার করার বিষয়টি নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি করে। অনেকে যুবকের আত্মবিশ্বাস দেখে মজা করেছেন, আবার কেউ কেউ মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াকেও উপভোগ করেছেন।
একজন ব্যবহারকারী বিশ্বশর্মার উদারতার প্রশংসা করেন। আরেকজনের কৌতূহল, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ওই যুবক শেষ পর্যন্ত সত্যিই আইফোন পেয়েছেন কি না।
অন্য এক ব্যবহারকারী মজার ছলে মন্তব্য করেন, মুখ্যমন্ত্রীর কাছে এতটা স্বাভাবিকভাবে আইফোন চাওয়ার পেছনে ওই যুবকের দৃঢ় সংকল্প নিশ্চয়ই বেশ প্রবল ছিল।
বিজ্ঞাপন
ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে যুবকের অদ্ভুত আবদার এবং সেই আবদারে মুখ্যমন্ত্রীর মজার প্রতিক্রিয়া।
সূত্র: ইন্ডিয়া টুডে








