আটকের পরই রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিল দিল্লি পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের সময় আটক করার কয়েক মিনিট পর রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে নির্বাচন কমিশন ভবন অভিমুখে বিরোধী দলের পদযাত্রায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সংসদ ভবনের মকর দ্বার থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে পদযাত্রা শুরু করেন বিরোধী দলের নেতারা। পথে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে সাময়িকভাবে আটক করা হয়।
আটকের পর রাহুল ও প্রিয়াঙ্কাকে ছেড়ে দেওয়া হলে তারা আকাশবাণী ভবনে অবস্থান নেন। সেখান থেকে তারা নির্বাচন কমিশনের সদর দপ্তরে পৌঁছানোর চেষ্টা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিক্ষোভে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও'ব্রায়েন এবং সিপিআই(এম) নেতা জন ব্রিটাসসহ বিরোধী দলের একাধিক সাংসদ অংশ নেন। পুলিশ তাদের গতিপথ আটকে দিলে কয়েকজন রাস্তায় বসে বিক্ষোভ করেন।
বিজ্ঞাপন
বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) কার্যক্রম নিয়ে অভিযোগ তুলে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং ভোটাধিকার সুরক্ষার দাবিও জানান তারা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী সাংসদরা ‘সেভ ডেমোক্রেসি’সহ বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরের দিকে এগিয়ে যাচ্ছিলেন। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।








