Logo

পশ্চিমবঙ্গে উপ-নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬, ২০:০৯
পশ্চিমবঙ্গে উপ-নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে নতুন সরকারের আমলে প্রথম উপ-নির্বাচন ঘিরে নন্দীগ্রাম ও রেজিনগরে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোটগ্রহণ শুরুর পর থেকেই বিভিন্ন বুথে পোলিং এজেন্টদের বসতে না দেওয়া, ভোটারদের বাধা, বুথ দখল ও ভোটে অনিয়মের অভিযোগ উঠেছে। বিরোধী দলগুলোর অভিযোগের তীর মূলত বিজেপির দিকে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

বিজ্ঞাপন

বিরোধীদের অভিযোগ, কয়েকটি বুথে তাদের পোলিং এজেন্টদের ঢুকতে বা বসতে দেওয়া হয়নি। কোথাও ভোটারদের ভয় দেখিয়ে বুথ থেকে সরিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। ভোটের দায়িত্বে থাকা পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো।

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অভিযোগ করেন, তার দলের পোলিং এজেন্টদের বিভিন্ন বুথে বসতে দেওয়া হচ্ছে না। এ নিয়ে সোনাচূড়া এলাকায় বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে তার বচসা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।

সোনাচূড়া এলাকায় ভোট দিতে যাওয়া কয়েকজন ভোটারকেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রেজিনগরেও ভোটে অনিয়মের অভিযোগ তুলেছেন আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদ। তার দাবি, প্রায় সব বুথেই কারচুপি চলছে। কিছু বুথে ভোটারদের বলা হচ্ছে, তাদের ভোট হয়ে গেছে এবং বাড়ি ফিরে যেতে বলা হচ্ছে।

গোলাম নবী আজাদের অভিযোগ, কোথাও ভোটারদের বুথে ঢুকতে দেওয়া হলেও তাদের হয়ে অন্য কেউ ইভিএমে ভোট দিয়ে দিচ্ছে। পরে সংশ্লিষ্ট ভোটারকে জানানো হচ্ছে যে তার ভোট হয়ে গেছে।

তিনি বলেন, “প্রত্যেকটা বুথ দখল করা হচ্ছে। প্রত্যেকটা বুথের ভোটারদের বলা হচ্ছে, বাড়ি চলে যাও, ভোট হয়ে গেছে তোমাদের।” তার অভিযোগ, এভাবে চলতে থাকলে গণতান্ত্রিক ভোটপ্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞাপন

গোলাম নবী আজাদ আরও বলেন, গণতন্ত্র রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে প্রতিবাদ করতে হবে। কোন দল কী করছে বা কার রাজনৈতিক আদর্শ কী—তা না দেখে ভোটের অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রেজিনগরের এ প্রার্থী আরও অভিযোগ করেন, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তার দলের পোলিং এজেন্টদের ভয় দেখানো হয়েছে। এজেন্টের দায়িত্ব নিলে নির্বাচনের পর ব্যবস্থা নেওয়া বা মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এ কারণে অনেক বুথে এজেন্ট দিতে পারেননি বলে জানান গোলাম নবী আজাদ।

এদিকে রেজিনগরে ভোটগ্রহণ চলাকালে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও বিধায়ক হুমায়ুন কবীরকে পুলিশ আটক করে। পুলিশ ও হুমায়ুন কবীরের মধ্যে উত্তেজনার পর তাকে আটক করা হয়। এর আগে তিনি ভোটপ্রক্রিয়ায় পুলিশের হস্তক্ষেপের অভিযোগ তুলেছিলেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, বিরোধী দলগুলোর অনেক জায়গায় পোলিং এজেন্টই নেই। এ কারণেই তারা এমন অভিযোগ করছে। ভোট শান্তিপূর্ণভাবে চলছে বলেও দাবি করেন তিনি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত নন্দীগ্রামে ৬০.৩২ শতাংশ এবং রেজিনগরে ৫৬.৪৩ শতাংশ ভোট পড়েছে।

ভোটগ্রহণ ঘিরে দুই কেন্দ্রেই রাজনৈতিক চাপানউতোর অব্যাহত রয়েছে। বিরোধীরা ভোটে অনিয়মের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। অন্যদিকে বিজেপি ভোটপ্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD