পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান সরকারের সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক রবি শাস্ত্রি।
বিজ্ঞাপন
২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতির খবর সামনে আসার পর তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যোগ দিলেন শাস্ত্রি।
সম্প্রতি ‘রিপাবলিক ওয়ার্ল্ড’কে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রি বলেন, রাজনৈতিক বিষয় বিবেচনার বাইরে রেখেও মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই তার প্রাপ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
শাস্ত্রির মতে, ইমরান শুধু পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা নন, ক্রিকেটবিশ্বেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ইমরানের সুস্বাস্থ্য কামনা করে তিনি বলেন, ক্রিকেটে তার অবদান অসাধারণ। একই সঙ্গে নিজের দেখা অন্যতম সেরা নেতা হিসেবেও ইমরানকে উল্লেখ করেন শাস্ত্রি।
বিজ্ঞাপন
তরুণদের অনুপ্রাণিত করা ও নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইমরানের অসাধারণ দক্ষতা ছিল বলেও মন্তব্য করেন তিনি। তার নেতৃত্বে তুলনামূলক তরুণ পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল—সেটিও স্মরণ করেন ভারতের সাবেক এই ক্রিকেটার।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইমরান কবে কারাগার থেকে মুক্তি পাবেন, এমন প্রশ্নে শাস্ত্রি আশা প্রকাশ করেন, তিনি দ্রুতই মুক্তি পাবেন এবং এরপর তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইমরানের অবস্থাকে অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।
ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দেন ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান অধিনায়ক ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি আদিয়ালা কারাগারে বন্দি।
বিজ্ঞাপন
দুর্নীতিসহ বিভিন্ন মামলায় ইমরানকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান ও তার দল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। কারাগারে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে।
ইমরানের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক অধিনায়ক। এর আগে ফেব্রুয়ারিতেও একই দাবিতে ১৪ জন সাবেক অধিনায়ক সরকারের কাছে চিঠি দিয়েছিলেন।
পাকিস্তানের হয়ে ইমরান খান ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন। দেশটির ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে তার অবস্থান দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠিত।








