২৫ বছর সরকারপ্রধান মোদি, দিল্লির মন্দিরে গিয়ে করলেন প্রার্থনা

সরকারপ্রধান হিসেবে টানা ২৫ বছর পূর্ণ করার মাইলফলক উদযাপনে দিল্লির একটি মন্দিরে প্রার্থনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে দেশসেবার প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।
বিজ্ঞাপন
২০০১ সালের ৭ অক্টোবর প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মোদি। এরপর ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মোদির ২৫ বছর সরকারপ্রধান থাকার মাইলফলক উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব পাস করে তাকে অভিনন্দন জানিয়েছে। প্রস্তাবে গুজরাটে নাগরিকদের অভিযোগ ও অভাব-অভিযোগ জানানোর ব্যবস্থা ‘সোয়াগাত’-এর কথাও উল্লেখ করা হয়। ২০১০ সালে উদ্যোগটি জাতিসংঘের জনসেবা পুরস্কার পায়। পরে এটি জাতীয় পর্যায়ে ‘প্রগতি’ কর্মসূচি পরিচালনায় অনুপ্রেরণা জোগায় বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাবে ২০৪৭ সালের মধ্যে সমৃদ্ধ ও স্বাবলম্বী ভারত গড়ার লক্ষ্যেও এই পথচলা অব্যাহত রাখার কথা বলা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোদিকে অভিনন্দন জানান। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২৫ কোটি মানুষ চরম দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে, যা মানব ইতিহাসে স্মরণীয় অর্জন।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এক্সে মোদিকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘জনসেবা থেকে রাষ্ট্রসেবা’ ব্রত নিয়ে প্রধানমন্ত্রী মোদি দেশের ভাবমূর্তি উচ্চতায় নিয়ে গেছেন এবং তার জীবন দেশবাসীকে আত্মনির্ভরশীল ভারত গঠনে অনুপ্রাণিত করে।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই মাইলফলককে ‘অভূতপূর্ব’ ও ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি মোদির দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত স্বাবলম্বী ভারত গড়ার এই যাত্রায় মোদির পরিশ্রম ও নেতৃত্ব অনুপ্রেরণার উৎস বলেও মন্তব্য করেন তিনি।








