দিল্লিতে বহুতল ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা অনেকে

ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে জানিয়েছেন স্থানীয় এক সরকারি কর্মকর্তা।
বিজ্ঞাপন
বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পেয়ে ঘটনাস্থলে অগ্নিনির্বাপণ বাহিনীর গাড়ি পাঠানো হয়। দিল্লি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।
এক সরকারি কর্মকর্তা বলেন, ‘‘ভবন ধসের স্থানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।’’
দুর্ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে দেখা গেছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের আশপাশে বহু মানুষ জড়ো হয়েছেন। উদ্ধারকাজে সহায়তার জন্য অনেকে নিজ হাতে বড় বড় পাথরের স্ল্যাব সরানোর চেষ্টা করছেন।
বিজ্ঞাপন
অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখতে দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পুলিশ জানায়, সীমাপুরীতে বহুতল ভবন ধসে পড়েছে এবং বিভিন্ন উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। এ কারণে সীমাপুরী গোল চত্বর, ডিএলএফ ভোপুরা ও আশপাশের কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
উদ্ধারকারী যানবাহন ও অ্যাম্বুলেন্স দ্রুত চলাচলের জন্য সড়কের একটি লেন ফাঁকা রাখতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
এ ঘটনার এক মাস আগে দিল্লির সত্য নিকেতনে একটি হোস্টেল দুর্ঘটনায় সাতজনের মৃত্যু ও কয়েকজন আহত হয়েছিলেন।
সূত্র: এনডিটিভি।








