৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

রাতের নীরবতা ভেঙে ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় অনুভূত হয়েছে ৪.৯ মাত্রার ভূমিকম্প। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ২৩ মিনিট ১৩ সেকেন্ডে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন দিল্লি-এনসিআরসহ উত্তর ভারতের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়।
বিজ্ঞাপন
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৩ কিলোমিটার গভীরে। সংস্থাটির সর্বশেষ পর্যালোচিত তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯।
ভূমিকম্পের কম্পন শুধু উত্তরাখণ্ডের চামোলিতেই সীমাবদ্ধ ছিল না। দিল্লি-এনসিআর ছাড়াও হরিয়ানা, পাঞ্জাব ও হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভূমিকম্পের সময় দিল্লির বিভিন্ন এলাকায় মানুষ কম্পন টের পান। দিল্লির সফদরজং এনক্লেভের এক বাসিন্দা জানান, ভূমিকম্পের সময় তিনি সোফায় বসেছিলেন এবং সেটিকে নড়তে দেখেন। পরে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা জানান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা যায়। আতঙ্কের পাশাপাশি এক্সে বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজের দৃশ্য এবং জিআইএফ শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানান অনেকে। ‘পঞ্চায়েত’ সিরিজের একটি জনপ্রিয় জিআইএফ শেয়ার করে এক ব্যবহারকারী ৫-এর কম মাত্রার ভূমিকম্পে দিল্লির মানুষের প্রতিক্রিয়া নিয়েও রসিকতা করেন।
এদিকে একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৪টা ২৩ মিনিট ৪৭ সেকেন্ডে আসামের নগাঁও জেলায় ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করে এনসিএস। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।
বিজ্ঞাপন
তবে চামোলিতে আঘাত হানা ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইন্ডিয়া টুডের প্রতিবেদনেও ভূমিকম্পের পর হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে








