Logo

শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসে গ্রেপ্তার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ অক্টোবর, ২০২৬, ২২:০৩
শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। শিশুদের একটি ক্যানসার হাসপাতালের জন্য সংগ্রহ করা অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগে বুধবার কলম্বো থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারের পর শিরান্থীকে জিজ্ঞাসাবাদের জন্য কমিশন টু ইনভেস্টিগেট অ্যালিগেশনস অব ব্রাইবারি অর করাপশনের (সিআইএবিওসি) কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। জামিনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন ম্যাজিস্ট্রেট।

সিআইএবিওসির এক কর্মকর্তা জানান, শিরান্থীর দাতব্য প্রতিষ্ঠান সিজিলিয়া স্যাভিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে ওঠা অনিয়মের তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সংস্থাটির বিরুদ্ধে একটি শিশু হাসপাতালের জন্য সংগৃহীত অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ রয়েছে।

শিরান্থীর আইনজীবী মনোজ গামাগে অভিযোগ অস্বীকার করে বলেন, দাতব্য কর্মকাণ্ডের জন্য সংগৃহীত অর্থ আত্মসাতের অভিযোগের বিরুদ্ধে তার মক্কেল আইনি লড়াই চালিয়ে যাবেন।

বিজ্ঞাপন

তদন্ত সংস্থা জানিয়েছে, শিরান্থীর দাতব্য প্রতিষ্ঠানে ১ কোটি শ্রীলঙ্কান রুপি, যা প্রায় ৩০ হাজার মার্কিন ডলারের সমান, অনুদান দেওয়ার ঘটনায় রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল সেভিংস ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রদীপ কারিয়াবাসামকেও গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আর্থিক বিধি না মেনে সরকারি অর্থ দাতব্য সংস্থাটিতে দেওয়ার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশের দাবি, স্থানীয় শিশুদের একটি ক্যানসার হাসপাতালের জন্য পিইটি স্ক্যানার কেনার উদ্দেশ্যে সিজিলিয়া স্যাভিয়া ফাউন্ডেশন প্রায় ৩০ হাজার ৩০০ ডলার অনুদান সংগ্রহ করেছিল। তবে তদন্তকারীদের ভাষ্য, চীন সরকার এরই মধ্যে হাসপাতালটিকে ওই স্ক্যানারটি অনুদান হিসেবে দিয়েছিল। এরপরও দাতব্য সংস্থাটি অনুদান সংগ্রহ অব্যাহত রাখে এবং অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শিরান্থী অবশ্য সব ধরনের অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন। চিকিৎসার জন্য গত ১৬ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য কলম্বো বিমানবন্দরে তলব করা হয়েছিল। গ্রেপ্তার এড়াতে আদালতে আবেদন করার পর গত সোমবার তিনি দেশে ফেরেন। তার আগাম জামিনের শুনানি আগামী ১২ অক্টোবর হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

রাজাপাকসে পরিবারের সদস্যদের বিরুদ্ধে নতুন করে দুর্নীতির তদন্ত শুরু করেছে প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকের সরকার। প্রায় দুই দশক ধরে শ্রীলঙ্কার রাজনীতিতে প্রভাবশালী থাকা পরিবারটির বিরুদ্ধে বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ উঠলেও তারা এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।

শিরান্থীর বড় ছেলে ও বিরোধীদলীয় আইনপ্রণেতা নামাল রাজাপাকসেও বর্তমানে রিমান্ডে রয়েছেন। তার বাবা মাহিন্দা রাজাপাকসের শাসনামলে ২০১৩ সালে স্বাক্ষরিত একটি এয়ারবাস বিমান চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।

মাহিন্দা রাজাপাকসে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। ২০২২ সালে ব্যাপক গণবিক্ষোভের মুখে তার ভাই গোতাবায়া রাজাপাকসে প্রেসিডেন্ট পদ ছাড়তে বাধ্য হন। এরপর রাজাপাকসে পরিবারের রাজনৈতিক প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে যায়। তবে মাহিন্দা এখনও দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হন।

বিজ্ঞাপন

রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাশাপাশি মুসলিমবিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগও রয়েছে। ২০১৯ সালের ইস্টার সানডের বোমা হামলায় প্রায় ২৭০ জন নিহত হওয়ার পর ওই হামলার দায় মুসলিমদের ওপর চাপানোর উদ্যোগ নেওয়ার অভিযোগ ওঠে পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পরে ওই হামলার ঘটনায় ষড়যন্ত্র ও সহায়তার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দাপ্রধানকে গ্রেপ্তার করে দেশটির অপরাধ তদন্ত সংস্থা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD