Logo

মারা গেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকের দাদি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬, ১৬:৩২
মারা গেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকের দাদি
ছবি: সংগৃহীত

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকের দাদি মারা গেছেন। শনিবার (১০ অক্টোবর) মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সান্তুক পিম্পরি গ্রামে বার্ধক্য ও দীর্ঘদিনের অসুস্থতার কারণে ৮৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। এদিকে দিল্লির বিমানবন্দর থেকে অভিজিৎকে গ্রেপ্তারের খবরের মধ্যেই আসে তাঁর দাদির মৃত্যুসংবাদ। তিনি এ খবর জানতে পেরেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা আইএএনএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে শনিবার মুম্বাই থেকে দিল্লিতে যান অভিজিৎ দ্বীপকে। তাঁর সঙ্গে ছিলেন আরও দুই সহযোগী। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের বিমান থেকেই গ্রেপ্তার করা হয়।

ভোটার তালিকা থেকে কয়েক কোটি মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই কর্মসূচির আয়োজন করেছিল সিজেপি। দলটির দাবি, এ ঘটনার দায় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ করা উচিত।

বিজ্ঞাপন

অভিজিতের বাবা ভগবান দ্বীপকে ও মা অনিতা বর্তমানে ছত্রপতি সম্ভাজিনগরে রয়েছেন। তাঁর বাড়ি পুলিশ ঘিরে রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দাদির মৃত্যুসংবাদ পাওয়ার পর তাঁরা মহারাষ্ট্রের হিঙ্গোলিতে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে অভিজিৎকে দাদির শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে যন্তরমন্তরে সিজেপির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দিল্লিতে পৌঁছানো ঠেকাতে বিভিন্ন স্থান থেকে দিল্লিগামী ট্রেনের যাত্রা বাতিলের অভিযোগ উঠেছে। পাশাপাশি দিল্লি মেট্রো পরিষেবা বন্ধ রাখা এবং কেন্দ্রীয় পুলিশ বাহিনীর ২৩ হাজার সদস্য মোতায়েনের কথাও উল্লেখ করা হয়েছে।

তবে সিজেপির সমর্থকেরা শেষ পর্যন্ত যন্তরমন্তরে পৌঁছাতে পেরেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD