Logo

দাদির শেষ বিদায়ে যেতে অভিজিৎকে প্রস্তাব দিল দিল্লি পুলিশ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর, ২০২৬, ১৮:৪১
দাদির শেষ বিদায়ে যেতে অভিজিৎকে প্রস্তাব দিল দিল্লি পুলিশ
ছবি: সংগৃহীত

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকের দাদির মৃত্যু হয়েছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার সকালে ৮৫ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। এর মধ্যে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে রাজধানীতে পৌঁছানোর পর অভিজিৎকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

দিল্লি পুলিশ জানিয়েছে, দাদির মৃত্যুর খবর অভিজিৎকে জানানো হয়েছে। চাইলে তিনি দাদির শেষ বিদায়ে অংশ নিতে বাড়িতে যেতে পারবেন। এ ক্ষেত্রে পুলিশ তাঁকে সহযোগিতা করবে বলেও জানানো হয়েছে। তবে অভিজিৎ এ বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনো জানা যায়নি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আজকে, দুর্ভাগ্যজনক তথ্য আসে যে অভিজিৎ দ্বীপকের দাদির মৃত্যু হয়েছে। যেহেতু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সাথে সাথে তাকে এটি জানানো হয়েছে। এছাড়া অন্ত্যেষ্টিক্রিয়ার সময়ও তাকে জানানো হয়েছে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ আরও জানায়, ‘আমরা মানবিক দিক বিবেচনা করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছি। তবে তিনি বন্দি অবস্থায় আন্দোলন চালিয়ে যেতে চান নাকি বাড়িতে ফিরে গিয়ে দাদির শেষ বিদায়ে অংশ নিতে চান, তা সম্পূর্ণ তার ব্যাপার।’

বিজ্ঞাপন

অভিজিতের দাদি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যা ও অসুস্থতায় ভুগছিলেন। দাদির মৃত্যুর দিনেই ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে দিল্লিতে গিয়েছিলেন সিজেপির প্রতিষ্ঠাতা।

এদিকে, ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি ও কয়েকটি বামপন্থী সংগঠন। তবে কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ। বিক্ষোভে যোগ দিতে দিল্লিতে পৌঁছানোর পর অভিজিৎ ও তাঁর দলের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করা হয়।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD