ভারতে বিক্ষোভে যোগ দিয়ে এবার আটক বলিউড অভিনেতা ইমরান খান

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভে যোগ দিয়ে আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান থেকে তাঁকে আটক করে পুলিশ। ইমরান খান বলিউড অভিনেতা আমির খানের ভাগ্নে।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ককরোচ জনতা পার্টির (সিজেপি) উদ্যোগে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে আগস্ট ক্রান্তি ময়দানে যান ইমরান। পরে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়। আটক হওয়ার পর পুলিশের গাড়ির ভেতর থেকে একটি ছবিও প্রকাশ করেন তিনি।
এদিকে, একই দাবিতে রাজধানী দিল্লির যন্তর মন্তরে বড় বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি ও কয়েকটি বামপন্থী সংগঠন। তবে পুলিশ বিক্ষোভকারীদের সেখানে যেতে দেয়নি। এর আগে দিল্লির বিমানবন্দরে পৌঁছানোর পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে এবং দলটির কয়েকজন শীর্ষ নেতাকে আটক করা হয়।
মুম্বাই পুলিশ জানিয়েছে, আগস্ট ক্রান্তি ময়দানে জমায়েত বা বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি। পুলিশের ভাষ্য অনুযায়ী, মুম্বাই হাইকোর্ট শুধু আজাদ ময়দানে বিক্ষোভের অনুমতি দিয়েছিলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে বিক্ষোভকারীদের দাবি, আগস্ট ক্রান্তি ময়দানে কর্মসূচি পালনের অনুমতি চেয়ে তাঁরা পুলিশের কাছে ই-মেইল করেছিলেন। কিন্তু এ বিষয়ে পুলিশের কাছ থেকে কোনো জবাব পাননি।
তরুণ আন্দোলনকারীদের পাশে রাহুল গান্ধী
দিল্লিতে আন্দোলনরত তরুণদের প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ভারতের তরুণরা, তোমাদের নিয়ে আমি গর্বিত। আন্দোলন অব্যাহত রাখো। আমরা তোমাদের পাশে দাঁড়াচ্ছি।”
বিজ্ঞাপন
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব কর্মসূচিতে রাজনৈতিক নেতা, অধিকারকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
সূত্র: এনডিটিভি








