উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার? যা জানাল সৌদি

উটের মূত্রের সক্রিয় উপাদান থেকে তৈরি ওষুধে ক্যানসার নিরাময় সম্ভব—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ)। সংস্থাটি স্পষ্ট করেছে, আলোচনায় থাকা পণ্যটি ক্যানসারের ওষুধ নয়; এটি কেবল একটি খাদ্যসম্পূরক।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, উটের মূত্র থেকে ক্যানসারের ওষুধ তৈরির দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয় সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এসএফডিএ জানায়, আলোচনায় থাকা পণ্যটি ক্যানসারসহ কোনো রোগের চিকিৎসায় ব্যবহারের জন্য অনুমোদিত নয়। এতে শরীরের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে সহায়ক বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কর্তৃপক্ষ আরও জানায়, পণ্যটি নিবন্ধিত হয়েছে সাধারণ খাদ্যসম্পূরক হিসেবে। ক্যানসার নিরাময়ে এর কার্যকারিতার পক্ষে কোনো অনুমোদিত ভিত্তি নেই। তাই এটিকে ক্যানসারের চিকিৎসা হিসেবে প্রচার করার দাবিও গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞাপন
ক্যানসারের চিকিৎসায় পণ্যটির অনুমোদন পাওয়ার বিষয়ে বিভিন্ন প্রতিবেদনের দাবি নাকচ করে দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে জনসাধারণকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া ক্যানসারের প্রচলিত চিকিৎসা বন্ধ করা বা তার পরিবর্তে অননুমোদিত পণ্য ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। তাই ক্যানসারের মতো গুরুতর রোগের ক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চিকিৎসাপদ্ধতি অনুসরণ এবং চিকিৎসকের পরামর্শ নেওয়াই গুরুত্বপূর্ণ।








