‘কেবল বর্বর সভ্যতাই বোমাকে মা বলে’: আইআরজিসির মুখপাত্র

ধ্বংসাত্মক বোমার নামের সঙ্গে ‘মা’র মতো পবিত্র শব্দ যুক্ত করায় যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। সংস্থাটির মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, কেবল একটি ‘বর্বর সভ্যতা’ই তাদের সবচেয়ে শক্তিশালী বোমার নামের সঙ্গে এমন পবিত্র শব্দ যুক্ত করতে পারে।
বিজ্ঞাপন
শনিবার প্রকাশিত এক বার্তায় তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমাকে ‘মাদার অব অল বোমস’ বা ‘সব বোমার মা’ নামে অভিহিত করে। এই নামের প্রতি ইঙ্গিত করেই মোহেব্বি বলেন, “কেবল একটি বর্বর সভ্যতাই তাদের সবচেয়ে ভারী বোমাটির ক্ষেত্রে ‘মা’—এই পবিত্র শব্দটি ব্যবহার করতে পারে।”
যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শন এবং এর মাধ্যমে প্রতিপক্ষের মধ্যে মনস্তাত্ত্বিক চাপ তৈরির প্রচেষ্টারও সমালোচনা করেন আইআরজিসির এই মুখপাত্র। একই সঙ্গে মার্কিন সামরিক হুমকিকে ইরানের সাধারণ মানুষ যেভাবে হাস্যরস ও কৌতুকের মাধ্যমে উড়িয়ে দেয়, তার প্রশংসা করেন তিনি।
বিজ্ঞাপন
মোহেব্বি বলেন, “ভবিষ্যৎ সেই জাতিরই হবে, যারা শত্রুর সবচেয়ে বড় হুমকিকে দৈনন্দিন হাস্যরসের বিষয়ে পরিণত করতে পারে।”
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অন্তর্বর্তীকালীন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবন আল রেজা দেশটির বিরুদ্ধে ‘মাদার অব অল বোমস’ ব্যবহারের সম্ভাবনা নিয়ে ছড়িয়ে পড়া জল্পনা-কল্পনার বিষয়ে প্রতিক্রিয়া জানানোর পর মোহেব্বি এ মন্তব্য করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আল রেজা বোমাটির নাম ও ধ্বংসাত্মক ক্ষমতা নিয়ে উদ্বেগকে গুরুত্বহীন বলে উল্লেখ করেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “বোমার নাম ও মাত্রা কোনো বিষয় নয়!”
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এ ধরনের সামরিক পদক্ষেপের কারণে দেশটির বৈশ্বিক অবস্থান, অর্থনীতি ও নির্বাচনী হিসাব-নিকাশে প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কৌশলগত সমীকরণ বদলে দিয়েছে। মার্কিন কর্মকর্তাদের উচিত ইরানের সামরিক শক্তি স্বীকার করে নেওয়া।
বিজ্ঞাপন
সম্প্রতি প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা তৈরি করেছে মার্কিন সামরিক বাহিনী। এসব প্রতিবেদনে হামলায় ‘জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট’ বা ‘মাদার অব অল বোমস’ ব্যবহারের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর নির্দেশ দিলে দেশটির জ্বালানি ও পারমাণবিক স্থাপনাগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে এ বিষয়ে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা প্রতিবেদনের তথ্য থেকে নিশ্চিত হওয়া যায়নি।
‘জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট’ যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে থাকা পারমাণবিক নয়—এমন সবচেয়ে বড় ও শক্তিশালী বোমাগুলোর একটি। প্রচলিত বিস্ফোরক ব্যবহার করে ব্যাপক ধ্বংসাত্মক প্রভাব সৃষ্টির সক্ষমতার কারণে অস্ত্রটি পরিচিত। ইরানের বিরুদ্ধে এটি ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা চলার মধ্যেই বোমাটির নাম ও মার্কিন সামরিক শক্তি নিয়ে তেহরানের পক্ষ থেকে এমন বক্তব্য এল।








