এবার বিধ্বংসী ক্লাস্টার বোমার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

দূরপাল্লার ও বিধ্বংসী অস্ত্র ব্যবহারে সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে ক্লাস্টার বোমার ওয়ারহেডের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শনিবারের এই পরীক্ষার কথা রোববার জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম।
বিজ্ঞাপন
পরীক্ষার কয়েক দিন আগে পারমাণবিক শক্তিধর দেশটি অ্যাটাক ড্রোন, নিখুঁত লক্ষ্যভেদে সক্ষম নতুন টর্পেডো এবং মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ একাধিক অত্যাধুনিক অস্ত্রের পরীক্ষা চালায়।
এদিকে, দুই কোরিয়ার মধ্যকার অত্যন্ত সুরক্ষিত সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হওয়ার পর অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতির মধ্যেই নতুন অস্ত্রের পরীক্ষা চালাল পিয়ংইয়ং।
ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে সীমান্তের নিরাপত্তা জোরদার এবং লাউডস্পিকারের মাধ্যমে পাল্টা প্রচার শুরু করার অঙ্গীকার করেছে দেশটি।
বিজ্ঞাপন
রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, “কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহারের উপযোগী গুচ্ছ বোমার ওয়ারহেডের যুদ্ধের উপযোগিতা এবং এর বাস্তব ক্ষমতা মূল্যায়নের উদ্দেশ্যে শনিবার ওই পরীক্ষা চালানো হয়েছে।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, পরীক্ষায় অস্ত্রটির সক্ষমতা যাচাই করে দেখা গেছে, এটি “তার সর্বোচ্চ ঘনত্বের শক্তি দিয়ে ১২ থেকে ১৩ হেক্টরের একটি পুরো লক্ষ্যবস্তুকে এক নিমিষেই ছাইয়ে পরিণত করতে সক্ষম”।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রশাসনের মহাপরিচালক বলেন, “চলতি বছরের মধ্যেই আমাদের সামরিক ইউনিটগুলোকে অভিযানের উদ্দেশ্য এবং লক্ষ্যবস্তুর ধরণ অনুযায়ী এসব অস্ত্রের উপযুক্ত সংস্করণ বাছাই ও ব্যবহার করার ক্ষমতা দেওয়া হবে।”
বিজ্ঞাপন
কেসিএনএর প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি মোবাইল লঞ্চার থেকে আগুনের শিখা ছড়িয়ে ক্ষেপণাস্ত্র আকাশের দিকে ছুটে যাচ্ছে। অন্য একটি ছবিতে দ্বীপাঞ্চলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে একসঙ্গে একাধিক গুচ্ছ বোমার আঘাত হানার দৃশ্য দেখা যায়।
শনিবারের পরীক্ষায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন উপস্থিত ছিলেন না। তবে গত এপ্রিলে মেয়ে জু আয়েকে সঙ্গে নিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে যুক্ত গুচ্ছ বোমার একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ সরাসরি পর্যবেক্ষণ করেছিলেন তিনি।
সূত্র: এএফপি।








