Logo

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কর্মসংস্থানের সহযোগিতা করা হবে: আসিফ মাহমুদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:৫৯
জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কর্মসংস্থানের সহযোগিতা করা হবে: আসিফ মাহমুদ
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া । ফাইল ছবি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জানিয়েছেন, মোট ১২ হাজার ৮৭৭ জনকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হবে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।

আসিফ মাহমুদ বলেন, “২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর আমরা পেয়েছি এক ঐতিহাসিক সুযোগ। সাম্য, ন্যায়বিচার, নাগরিক মর্যাদা, গণতন্ত্র ও সমৃদ্ধির পথে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার যাত্রায় তরুণ প্রজন্ম হবে প্রধান চালিকা শক্তি। তারা আজ দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের নেতৃত্ব দিচ্ছে। এ জন্য মন্ত্রণালয় থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিশেষ প্রকল্প ছাড়াও শিগগিরই ‘আর্ন’ প্রকল্পের মাধ্যমে প্রায় ৯ লাখ তরুণ-তরুণীকে প্রশিক্ষণের আওতায় আনা হবে। পাশাপাশি জাতীয় যুব নীতিমালা হালনাগাদ করা হয়েছে এবং নতুন ‘যুব উদ্যোক্তা নীতিমালা-২০২৫’ প্রণয়ন করা হয়েছে।

অনুষ্ঠানে যুব উন্নয়ন ও কর্মসংস্থানে অসাধারণ অবদানের জন্য পুরস্কার পান বগুড়ার সুরাইয়া ফারহানা রেশমা, মাগুরার মো. আক্কাচ খান ও নোয়াখালীর মো. জাকির হোসেন। শিক্ষা, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কারিগরি খাতে অবদানের জন্য পুরস্কার পান ঝালকাঠির মো. খালেদ সাইফুল্লাহ এবং গাইবান্ধার মো. শাহাদৎ হোসেন।

বিজ্ঞাপন

দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতায় পুরস্কৃত হয়েছেন পাবনার মো. দ্বীপ মাহবুব এবং রাজশাহীর হাসান শেখ। সমাজকল্যাণ ও প্রবীণদের সেবায় অবদান রাখায় সম্মাননা পেয়েছেন লালমনিরহাটের মো. জামাল হোসেন, কক্সবাজারের নুরুল আবছার এবং রাজশাহীর মো. মুহিন (মোহনা)। ক্রীড়া, সংস্কৃতি ও কলায় অবদানের জন্য স্বীকৃতি পান সাতক্ষীরার আফঈদা খন্দকার এবং বান্দরবানের উছাই মং মার্মা (ধুংরী হেডমন)।

পুরস্কার হিসেবে প্রত্যেকে পেয়েছেন নগদ এক লাখ টাকা বা সমপরিমাণ প্রাইজবন্ড, একটি সম্মাননা ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট। এর আগে রবিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম জানান, ‘যুব কল্যাণ তহবিল আইন, ২০১৬’-এর আওতায় সমাজসেবায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে পাঁচটি ক্যাটাগরিতে মোট ১২ জনকে এ বছর ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD