শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে: ডিএমপি কমিশনার

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে পালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বিজ্ঞাপন
তিনি জানান, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারও হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত এক প্রস্তুতি সভায় কমিশনার এ কথা বলেন। সভায় পূজা উদযাপনের নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, অগ্নি নিরাপত্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য প্রতিরোধসহ নানা দিক নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞাপন
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মো. শহীদুল্লাহ সভায় নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি জানান, এ বছর রাজধানীতে ২৫৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, পাশাপাশি থাকবে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা। প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার বলেন, দর্শনার্থীদের সুবিধার্থে রাস্তাঘাট সংস্কার ও পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া উচিত। এছাড়া অগ্নি নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তিনি।
বিজ্ঞাপন
একই সঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও সতর্ক অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, পূজা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বা ভুয়া তথ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং রামকৃষ্ণ মিশন মঠের প্রতিনিধিরা অংশ নেন। তারা ডিএমপির নিরাপত্তা প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।








