Logo

শিক্ষকদের স্লোগানে উত্তাল শাহবাগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৫, ১৫:১৯
শিক্ষকদের স্লোগানে উত্তাল শাহবাগ
ছবি: সংগৃহীত

বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকরা। শাহবাগ এলাকা এখন তাদের স্লোগানে উত্তাল। শিক্ষকরা ঘোষণা দিয়েছেন- দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন শিক্ষকরা। সেখানে অবস্থান নিয়ে তারা অবরোধ শুরু করেন, ফলে চারদিকের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা। গতকাল অনুষ্ঠিত ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির পর থেকেই শিক্ষকরা শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছিলেন।

বিজ্ঞাপন

আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না। একজন শিক্ষক বলেন, “২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।”

এর আগে গত সোমবার সকাল থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। এতে দেশের বিভিন্ন স্কুল–কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

শিক্ষকরা বলছেন, সরকারের প্রস্তাবিত ভাতা বৃদ্ধির হার “অপর্যাপ্ত ও অবাস্তব”। তারা শুধু ভাতা বৃদ্ধিই নয়, সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবিও তুলেছেন।

বিজ্ঞাপন

গত রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর থেকেই শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নিয়ে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

রবিবার ও সোমবার রাতভর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে খোলা আকাশের নিচে রাত কাটান শিক্ষকরা। কেউ প্লাস্টিকের চট বিছিয়ে, কেউ ব্যানারকে বালিশ বানিয়ে ঘুমান। তাদের দাবি, সরকার প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।

বিজ্ঞাপন

একইসঙ্গে দেশের বিভিন্ন জেলায়ও এমপিওভুক্ত শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তারা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না। অনেকেই বিদ্যালয়ের আঙিনা, শিক্ষক লাউঞ্জ কিংবা অফিসকক্ষে বসে অবস্থান কর্মসূচি পালন করছেন।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও এই আন্দোলনের প্রতি ব্যাপক সংহতি জানানো হচ্ছে। জেলার বিভিন্ন শিক্ষক সংগঠন ঢাকায় অবস্থানরত আন্দোলনকারীদের পাশে থাকার ঘোষণা দিয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD