শিল্পকলা একাডেমির নাম ও বানান সংশোধন, নতুন গেজেট জারি

অন্তর্বর্তী সরকার বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯ সংশোধন করে নতুন গেজেট প্রকাশ করেছে। এই সংশোধনী মূলত প্রতিষ্ঠানের নাম এবং সংশ্লিষ্ট শব্দের বানান আধুনিকীকরণ ও প্রমিত রূপে ব্যবহার নিশ্চিত করতে আনা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৪ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে প্রকাশিত এই গেজেটে মন্ত্রণালয়ের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষর করেছেন। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে তা দেশব্যাপী কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন সংশোধনীর অধীনে এই আইন এখন থেকে পরিচিত হবে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) অধ্যাদেশ ২০২৬’ নামে।
গেজেটে বলা হয়েছে, ১৯৮৯ সালের মূল আইনের শিরোনাম ও বিষয়বস্তুর মধ্যে যেখানে ‘একাডেমী’, ‘একাডেমীর’ বা ‘একাডেমীতে’ শব্দ ব্যবহৃত হয়েছিল, সেগুলো এখন থেকে যথাক্রমে ‘একাডেমি’, ‘একাডেমির’ ও ‘একাডেমিতে’ প্রতিস্থাপিত হবে। এর ফলে শিল্পকলার দাপ্তরিক নথি ও প্রশাসনিক কাজের বানানের অসংগতি দূর হবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
আইন মন্ত্রণালয় জানিয়েছে, সরকার ধারাবাহিকভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ ও প্রশাসনিক ভাষা আধুনিক প্রমিত রূপে ফেরাতে কাজ করছে। ১৯৮৯ সালের আইন প্রণয়নের সময় তখনকার বানান রীতি অনুসরণ করা হয়েছিল, যা বর্তমান সময়ে আধুনিকীকরণের জন্য সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছিল।
এ অধ্যাদেশ জারির পর শিল্পকলা একাডেমির নাম ও সংশোধিত বানান সকল জেলা ও উপজেলা পর্যায়ের অফিসে প্রযোজ্য হবে। এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে সমস্ত আইনি ও প্রশাসনিক চিঠিপত্রে একমুখী ও প্রমিত বাংলা বানান ব্যবহারের নিশ্চয়তা তৈরি হবে।








