‘ভোট পারফেক্ট করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সারা দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। কোথাও কটু বক্তব্য বা অশোভন আচরণের নজির নেই। আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি খুবই ইতিবাচক পরিবর্তন। এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট। ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা হচ্ছে আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বক্তব্য সাংবাদিকদের জানান প্রেস সচিব শফিকুল আলম।
বিজ্ঞাপন
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন আগামী এক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের দিনটি উৎসবের রূপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নারীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন এবং পরিবারসহ মানুষ ভোট উৎসবে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তার প্রত্যাশা, এই নির্বাচন দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
নির্বাচন নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জানাতে গিয়ে প্রেস সচিব বলেন, পুলিশ সদস্যদের জন্য বডি ওর্ন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। সারা দেশে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭শ কেন্দ্রে এসব ক্যামেরা ব্যবহার করা হবে। বৈঠকের শুরুতেই প্রধান উপদেষ্টা দৈবচয়ন পদ্ধতিতে পাঁচটি স্থানে দায়িত্বপ্রাপ্ত বডি ক্যামেরা ব্যবহারকারী সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ক্যামেরার কার্যকারিতা পর্যবেক্ষণ করেন।
তিনি আরও জানান, নির্বাচন সুরক্ষা অ্যাপ এখন পুরোপুরি চালু হয়েছে। এই অ্যাপটি ব্যবহার করবেন কেবল নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কোনো ভোটকেন্দ্রের ভেতরে বা বাইরে সহিংসতা বা বিশৃঙ্খলা দেখা দিলে অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী, রিটার্নিং কর্মকর্তা এবং কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনের কাছে বার্তা পৌঁছে যাবে। এতে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজ হবে।
বিজ্ঞাপন
প্রেস সচিব বলেন, এর আগে দুর্গাপূজার সময় একই ধরনের একটি অ্যাপ ব্যবহৃত হয়েছিল। সে সময় ৩২ হাজার মণ্ডপ এই ব্যবস্থার আওতায় ছিল এবং এটি কার্যকরভাবে কাজ করেছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই নির্বাচন সুরক্ষা অ্যাপটি চালু করা হয়েছে।








