Logo

নির্বাচনী এলাকায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা, কার্যকর কাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৪২
নির্বাচনী এলাকায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা, কার্যকর কাল
ছবি: সংগৃহীত

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী এলাকায় অবস্থান সংক্রান্ত কঠোর বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকার বাইরে থেকে কেউ নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না।

বিজ্ঞাপন

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী কার্যক্রমে সরাসরি যুক্ত ব্যক্তি, কমিশনের অনুমোদনপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার স্থায়ী বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কেউ ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত ওই এলাকায় অবস্থান করতে পারবেন না।

বিজ্ঞাপন

এই বিধিনিষেধ আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে কার্যকর হয়ে চলবে ১৩ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

নির্দেশনায় আরও বলা হয়, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ইসি সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনী এলাকায় বহিরাগতদের চলাচল নিয়ন্ত্রণের মাধ্যমে যেকোনো ধরনের প্রভাব বিস্তার, বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে। এতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং নির্বাচন প্রক্রিয়ার প্রতি আস্থা আরও দৃঢ় হবে বলে আশা করছে কমিশন।

ভোটের সময় ঘনিয়ে আসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের তৎপরতাও বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত মাঠপর্যায়ে কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD