Logo

ঘোড়ায় চড়ে ভোটকেন্দ্র টহল দিচ্ছে ডিএমপির অশ্বারোহী দল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৮
ঘোড়ায় চড়ে ভোটকেন্দ্র টহল দিচ্ছে ডিএমপির অশ্বারোহী দল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অশ্বারোহী দল ঘোড়া নিয়ে সড়কে টহল দিচ্ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায় তাদের।

সরেজমিনে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে ডিএমপির অশ্বারোহী দলের ছয়টি হরিয়ানা জাতের সুঠাম ও বলিষ্ঠ গড়নের ঘোড়া নিয়ে টহল দিতে দেখা যায়। ঘোড়াগুলোর পিঠে ছিল সুসজ্জিত স্যাডল ও প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী। পাশাপাশি যুক্ত ছিল সচেতনতামূলক স্লোগান—‘সুষ্ঠু নির্বাচন হোক আমাদের অঙ্গীকার’ এবং ‘ভোট হোক উৎসবমুখর ও আনন্দঘন’।

বিজ্ঞাপন

পুলিশ সদস্যদের নিয়ন্ত্রণে ঘোড়াগুলো ধীরগতিতে কেন্দ্রের আশপাশে টহল দেয়। এ সময় অশ্বারোহী দলকে দেখে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উৎসাহ দেখা যায়। অনেকেই ঘোড়াগুলোর সঙ্গে সেলফি, ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

ছয় সদস্যের দলটির নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অশ্বারোহী দলের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

রফিকুল ইসলাম বলেন, ‘ভোটগ্রহণ শুরুর আগ থেকেই আমরা রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। এখন পর্যন্ত ভোটের পরিবেশ তুলনামূলক ভালো এবং শান্তিপূর্ণ রয়েছে।’

তিনি বলেন, ‘ভোটাররা উৎসবের আমেজে ভোট দিচ্ছেন। আমাদের ২২ জন সদস্যের চারটি টিম রয়েছে। আমরা দুপুর পর্যন্ত এভাবে টহলে থাকব।’

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD