Logo

নতুন সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাল ঢাকা চেম্বার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:১৩
নতুন সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাল ঢাকা চেম্বার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহুল প্রত্যাশিত নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের পছন্দের প্রতিনিধিদের নির্বাচিত করেছে। নতুন সরকার যোগ্য নেতৃত্বের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে অর্থনীতি পুনরুদ্ধার ও দ্রুত বাস্তবায়নযোগ্য উদ্যোগ গ্রহণ করবে—এমন প্রত্যাশা করছে সংগঠনটি।

ঢাকা চেম্বার জানায়, বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্কারোপ, পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নানা সংকটে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন ধরে দেশীয় ও বৈদেশিক বিনিয়োগে উল্লেখযোগ্য অগ্রগতি নেই, রপ্তানিমুখী খাতেও প্রত্যাশিত সাফল্য দেখা যাচ্ছে না।

বিজ্ঞাপন

সবচেয়ে বেশি চাপে রয়েছে এসএমই খাত, ফলে প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থান কমেছে এবং উৎপাদন ব্যবস্থাও বাধাগ্রস্ত হয়েছে। অনেক উদ্যোক্তার জন্য ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে।

এ ছাড়া সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে বলেও উল্লেখ করা হয়। বন্দর ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা, এনবিআর সংস্কার কার্যক্রমে অচলাবস্থা, শিল্পে জ্বালানির অনিশ্চয়তা, উচ্চ সুদের হার, সংকোচনমুখী মুদ্রানীতি, ঋণপ্রাপ্তিতে দীর্ঘসূত্রিতা এবং প্রয়োজনীয় নীতিসহায়তার ঘাটতির কারণে বেসরকারি খাতের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞাপন

এই পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছে ডিসিসিআই। দেশের শিল্প ও বাণিজ্য খাতের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে অর্থনীতিকে গতিশীল রাখতে নবনির্বাচিত সরকারের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD